শ্রমিক সংহতি দিবসে সিঙ্গাপুরে বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত
পহেলা মে শ্রমিক সংহতি দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশি লেখকদের অংশগ্রহণে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বইমেলা।
সোমবার সিংগাপুরের পেঞ্জুরু ডরমিটরির হলরুমে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন।
এসময় প্রবাসীদের লেখা ৩টি বইয়েরও তিনি মোড়ক উন্মোচন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাষ্ট্রদূত তার বক্তব্যে পৃথিবীব্যাপী বইয়ের গুরুত্ব, আত্মগঠন ও আত্মশুদ্ধি অর্জনে বইয়ের ভূমিকার কথা বলেন। তিনি প্রবাস জীবনের দুঃখ, কষ্ট, হতাশাকে ভুলে প্রশান্তির আশায় বইয়ের কাছে আসতে বলেন।
শ্রম কাউন্সিলর আয়েশা সিদ্দিকা শেলী প্রবাসীদের বইমেলা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
আলোচনায় আরও বক্তব্য দেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মিথুন কুমার সাহা এবং সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জিল্লুর রহমান।
বইপ্রেমীদের সমাগমে উৎসবে রূপ নেয় বইমেলা দেশের স্বনামধন্য লেখকদের বইয়ের পাশাপাশি
ছিল বিভিন্ন দেশে অভিবাসী লেখক ও সিঙ্গাপুর প্রবাসী বাঙালিদের বই।
একইদিন বিকেলে সিটিহলের বুকটিক বই বিতানে বইমেলার পাশাপাশি ছিল কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়।
মনির আহমদের শুভেচ্ছাকথা দিয়ে শুরু হয় পাঠ ও আলোচনা, নিজ ভাষায় বিশেষকথা বলেন
বুকটিক বই বিতানের কর্ণধার অ্যান্থোনি এবং ইথোস প্রকাশনীর প্রকাশক মি. ফাং।
এছাড়া বইমেলার সাফল্য কামনা করে কথা বলেন বাঙালি ও বিদেশি বেশকিছু বইপ্রেমী।
এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাহবুব হাসান দিপু।
সমাপনীয় কথা বলেন আয়োজক সংগঠন সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদের জাকির হোসেন খোকন।
সংগঠন থেকে জানানো হয় ২০০৪ সাল থেকে প্রতিবছরের শ্রমিক দিবসে এই বইমেলার আয়োজন করা হচ্ছে।
বইমেলার সম্পূর্ণ অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি ও বুকটিক বই বিতান।
