নিউ ইয়র্কে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বিষয়ক সেমিনার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘বঙ্গবন্ধু মিউজিয়াম’ প্রতিষ্ঠার দাবি করে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বিষয়ক সেমিনার করেছেন অঙ্গরাজ্যটিতে বসবাসরত বাংলাদেশিরা।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে ‘বাংলাদেশি প্রবাসী নাগরিক কমিটি’র উদ্যোগে এ সেমিনার হয়।
আয়োজক সংগঠনের প্রধান মীর নিজামুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু।
সাবেক এ আইনমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে প্রবাস প্রজন্মকে যথাযথভাবে অবহিত করতে প্রথম প্রজন্মের দায়িত্ব অপরিসীম”।
সেমিনারে আরো বক্তব্য দেন- নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, জ্যাকসন হাইটসের প্রবাসী ব্যবসায়ী সিরাজুল ইসলাম কামাল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান।
সেমিনারের শুরুতে গান শোনান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান। নব্বইয়ের স্বৈরাচার-বিরোধী আন্দোলনের সময় লেখা ও সুর দেওয়া আরেকটি গান শোনান শিল্পী তানভির শাহীন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
