২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পরিচিতি সভা করতে যাচ্ছে অঙ্গরাজ্যটিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 01:11 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

আগামী ৭ মে নিউ ইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এক যৌথ বিবৃতিতে তারা জানান, নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকদের সরব উপস্থিতি ঘটবে এতে। কম্যুনিটির বিশিষ্টজনরা উপস্থিত হয়ে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় ছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের করণীয় সম্পর্কেও দিক-নির্দেশামূলক বক্তব্য উপস্থাপন করা হবে।

সভা আয়োজক উপ কমিটির আহ্বায়ক মীর ই ওয়াজিদ শিবলী, সদস্য সচিব মিজানুর রহমান ও প্রধান সমন্বয়কারি রাশেদ আহমেদ এক যৌথ বিবৃতিতে আমন্ত্রণপত্র সংগ্রহকারি সবাইকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যে বলরুমে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। 

তারা জানান, এ পরিচিতি সমাবেশে গণমাধ্যম কর্মীরাও নিজেদের সমস্যা নিয়ে আলোকপাত করবেন। তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে প্রবাসীরা কীভাবে সহায়তা করতে পারেন সেটিও আসবে আলোচনায়।

সভায় আমন্ত্রিত অতিথি ও সংগঠনের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজাম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের সিইও আকতার হোসেন বাদল, পিপল এন টেকের সিইও আবু হানিফ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও কম্যুনিটি কর্মী দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, সোলায়মান ভূইয়া, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা নূরল আলম বাবু, জামালপুর জেলা সমিতির সভানেত্রী মোর্শেদা জামান, কক্সবাজার জেলা সমিতির প্রধান উপদেষ্টা নূরল আজিম, মিরেসরাই উপজেলা সমিতির প্রেসিডেন্ট কাজী নয়ন, রিয়েল এস্টেট বিনিয়োগকারী আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মো. কাদের মিয়া, যুবদল কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের নেতা বাবরউদ্দিন, বাংলাদেশি-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, জাসাসের কেন্দ্রিয় নেতা গোলাম ফারুক শাহীন, কম্যুনিটি কর্মী ইকবাল হায়দার, বাংলাদেশ সোসাইটি, বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রাম সমিতি, বিয়ানিবাজার  সমিতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ও নাটাব।

মতবিনিময় সভার পর সাংস্কৃতিক আয়োজনে থাকবে শিল্পীদের গান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!