২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে ভয়াল ২৯ এপ্রিল স্মরণ

ছাব্বিশ বছর আগে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ করে প্রাণ ও সম্পদহানি ঠেকাতে আরও মজবুত বেড়ি বাঁধ নিমার্ণের দাবি জানিয়েছেন আমিরাতের আবুধাবির সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আরব আমিরাত থেকে, জাহাঙ্গীর কবীর বাপপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 06:09 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

শনিবার স্থানীয় সময় রাত ১০টায় নিজ নিজ কর্মস্থলের কাজ শেষে স্থানীয় ল্যান্ডমার্ক  স্যান্ড মেরিন হোটেলে সংগঠনটির সদস্যরা এক স্মরণসভা ও দোয়ার আয়োজন করে। 

১৯৯১ সালের ২৯ এপ্রিল যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, সেই ঝড়ে বাতাসের ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি। পঞ্চম ক্যাটাগরির ওই সাইক্লোনকে ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয়, যাতে সরকারি পরিসংখ্যান অনুযায়ী নিহত হয়েছিলেন প্রায় দেড়লাখ মানুষ।

স্মরণ সভায় আগতদের মধ্যে ওই ঘূর্ণিঝড়ে কেউ বাবা মা হারিয়েছেন,কারো হারিয়েছে ভাইবোন, আত্মীয় পরিজন। অনেকেই তো তাদের আপনজনের লাশটাও পাননি।

দিনটি স্মরণ করতে উপস্থিত হয়েছিলেন সন্দ্বীপের রহমতপ্রু গ্রামের বাসিন্দা  প্রবাসী  মহিউদ্দীন মিঠু। '৯১ সালের ওই ঘূর্ণিঝড়ের সময় তিনি ছিলেন ৯-১০ বছরের কিশোর। ঝড়ের পর জলোচ্ছ্বাসে তিনি মাসহ তাদের একান্নবর্তী পরিবারের ২২ জনকে হারিয়েছেন, এমনকি  জলোচ্ছাসে ভেসে যাওয়ায় মায়ের লাশটাও পাননি। 

বললেন,"আমি থাকতাম বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে নানুবাড়ীতে। বাবা তখনো আবুধাবি প্রবাসী।  আমাদের বড় বড় পুকুরের বিশাল  গৃহস্থ বাড়ী। ক্ষেত খামার,  ঘর ভর্তি মানুষ, গোয়াল ভর্তি গবাদি পশু, সাধের সংসার। এসব ফেলে আম্মু  খুব একটা কোথাও যেতেন  না।

"ঝড়ের রাতে মামা গিয়েছিলেন আম্মুকে আনতে। আসলেন না। বললেন- যা হওয়ার হবে। এখানেই থাকবো। মামার হাতে দাদুর একটা বন্দুক আর গয়নার বাক্স সামলে রাখার জন্য তুলে দিলেন। পরদিন দাদু দাদীর লাশ পাওয়া গেলো, কিন্তু আম্মুর লাশটাও পাওয়া গেলো না।"

বলতে বলতে চোখের কোণ বেয়ে গড়িয়ে জল। সব কেড়ে নিয়ে সাগর যেন তার জন্য ওটা রেখে গেছে!

আবুধাবির জনতা ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, "আমরা সন্দ্বীপবাসী জন্ম থেকেই যুদ্ধ করে বেঁচে আছি। আমার পরিবারের ১৭ জন সদস্যকে কেড়ে নিয়েছে ওই জলোচ্ছ্বাস।

"ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস মোকাবেলার জন্য মজবুত বেড়িবাঁধ তৈরি প্রয়োজন যা স্রেফ অবহেলার জন্য হচ্ছে না। কিন্তু কেন আমরা অবহেলিত থাকব? আমাদের জানমালের হেফাজত করা কী রাষ্ট্রের  দায়িত্ব না?"

সন্দ্বীপ  পৌরসভার সাবেক কমিশনার নাজিম উদ্দিন  সন্দ্বীপ বাসীর  দুর্দশা মোচনে সভায় মিডিয়া কর্মীদের সহযোগিতা চান। 

সংগঠক সালাউদ্দীন বলেন, "২৯ এপ্রিল এর প্রলয়ের পরদিন সন্দ্বীপ ছিল এক মৃত্যুপুরী। চারিদিকে ছিল শুধু লাশের মিছিল। সন্দ্বীপ বাসীর নিরাপত্তার জন্য বেড়ি বাঁধের উন্নয়ন হচ্ছে না, তাতে প্রতি বর্ষায় আমরা ক্ষতিগ্রস্ত  হচ্ছি।"

সংগঠনের সভাপতি মাস্টার আবুল বশরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দীন মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত  সভায়  ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণা করে আরও বক্তব্য দেন জাহিদ উদ্দীন,শাহাদাত হোসেন বাবলু,তাজুল ইসলাম রুস্তম, মাঈন উদ্দিন সন্দ্বিপী, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ মামুন।

সংগঠনের সভাপতি মাস্টার আবুল বশর তার সমাপনী বক্তব্যে জানান, সন্দ্বীপ অ্যাসোসিয়েশান আবুধাবি প্রবাসে ও দেশে দুস্থ সন্দ্বীপবাসীর জন্য নিজস্ব অর্থায়নে এ পর্যন্ত ৫ লাখ টাকা অনুদান দিয়েছে এবং এ প্রয়াস অব্যহত থাকবে। 

সভায় ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কালাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!