২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ইডেন কলেজ প্রাক্তন ছাত্রীদের বর্ষবরণ

বৈরি আবহাওয়ায় যদিও বাগানে ফুল ফোটেনি, তবু ইডেনের ছাত্রীরা বৈশাখী সাজে ফুলের মতোই ফুটেছিল বাড়ির আঙ্গিনায়। আল্পনার লাল-সাদা রং সবার মনকে ভাসিয়ে দিয়েছে আনন্দে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোকেয়া আখতার, নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 01:24 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

সহপাঠীদের ফিরে পাওয়ার এ আনন্দে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলা নববর্ষ পালন করেছে ইডেন কলেজ প্রাক্তন ছাত্রীদের সংগঠন ‘ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোশিয়েশন’।

স্থানীয় সময় রোববার দুপুরে জ্যামাইকার মমতাজ রোজ গার্ডেনে বাংলা নতুন বছর ১৪২৪ বরণ করতে নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে কলেজের প্রাক্তন ছাত্রীরা একত্রিত হয়েছিলেন।

ফেলে আসা দিন, সোনালী শিক্ষা জীবন, বিদ্যাপিঠ, কলহাস্য কলেজের করিডোর আর হয়তো ফিরে পাওয়া যাবে না। সে এক দিন গেছে, রয়ে গেছে কতো না স্মৃতির ঝাঁপি। সেই স্মৃতিকে ধরে রাখতেই তারা গড়ে তুলেছেন ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোশিয়েশন। শুধু ছাত্রী নয়, প্রাক্তন শিক্ষকও আছেন এই সংসদে।

ছাত্রীরা সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর অতিথী শিল্পী তাহমিনা শহীদ বেশ কয়েকটি গান গেয়ে শোনান। নাচ পরিবেশন করেন এরিনা।

উৎসবে আসা মেয়েরা গান, কবিতা ও কৌতুকে মাতিযে রাখেন সারাক্ষণ।

ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোশিয়েশন নিউ ইয়র্ক শাখার সভাপতি লাইলি মোশারফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসরিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- নার্গিস আহমেদ, নাসরিন চৌধুরী, নিনি ওয়াহিদ, আমিনা আক্তার, মমতাজ বেগম রানু ও কাওসার পারভিন।

লাইলী মোশারফ তার বক্তব্যে বাংলাদশের দরিদ্র মেধাবী ছাত্রীদের সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

সাংস্কৃতিক সম্পাদক লুবনা কাইজারের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান- সুতপা মণ্ডল, মনিরা আকনজি , রুবি ও নার্গিস আহমেদ। কবিতা আবৃতি করেন লুবনা কাইজার, নাসরিন চৌধুরী, গোপন সাহা ও পান্না। কৌতুক শোনান কণা ও মিনা।

ছবি কৃতজ্ঞতা: লেখক                

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!