২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় ‘বাংলাদেশ উৎসব’

গান, নাচ, ফ্যাশন শো, বাংলা খাবার ও ক্রিকেট ম্যাচসহ নানা আয়োজনে ‘বাংলাদেশ উৎসব’ পালন করেছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 02:22 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী সিউলে ‘বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র (বিসিকে) আয়োজনে উইজংবুর সিনহান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব হয়েছে।

আয়োজক সংগঠনের নির্বাহী পরিষদ সদস্য ছোয়ে আরিফের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির প্রধান এম জামান সজল।

উৎসবে সিউলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমাদের আত্মপরিচয়, প্রকৃত ইতিহাসের চরম বিপর্যয় থেকে আমরা ঘুরে দাড়াচ্ছি। নিজেকে, দেশকে ও নিজের ইতিহাসকে জানার সুযোগ করে দেয় বাংলাদেশ উৎসবের মতো অনুষ্ঠানগুলো।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশি অধ্যুষিত শহর উইজংবু সিটির মেয়র আন বিয়ং ইয়োং বাংলাদেশিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিদেশের মাটিতে এ ধরণের উৎসব সম্প্রীতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি ইয়াংজু সিটির মেয়র লি সং হো বাংলাদেশ থেকে কোরিয়াতে এসে কাজ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।

উৎসবে গান শোনান বাংলাদেশের শিল্পী শাফিন আহমেদ ও মুন। ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন কোরিয়া’র ম্যাগাজিন অনুষ্ঠানে ছিলো গান, কৌতুক, ফ্যাশন শো ও নাচ। 

এছাড়া গান শোনান দক্ষিন কোরিয়ার স্থানীয় শিল্পীরা। এছাড়া উৎসবের দিন সকালে সিনহান বিশ্ববিদ্যালয় মাঠে ‘বিসিকে ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭’ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উৎসবে ছিলো বিভিন্ন ধরণের বাংলা খাবারের স্টল। প্রবাসীরা জানান, প্রবাস জীবনের একাকীত্ব ও কাজের চাপে বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করার সুযোগ হয়ে উঠে না। আজ বাংলাদেশ উৎসবে যোগ দিয়েছে হাজার হাজার বাংলাদেশি।

আয়োজক কমিটির নেতারা জানান, বাংলাদেশ উৎসবের সহযোগিতায় ছিল বাংলাদেশ ও কোরিয়ার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক কোরিয়া একচেঞ্জ ব্যাংক। এছাড়া সহযোগিতা করেছে উইজংবু সিটি ও ইয়াংজু সিটি কর্তৃপক্ষ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!