২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবাই চাই বাংলাদেশ উন্নতি করুক’

বাংলাদেশের উন্নয়নে সবার ‘চাওয়াটাই আসল’ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 12:40 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনে ‘কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলেছে। উন্নয়ন-অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে একাত্তরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, আমরা সবাই চাই বাংলাদেশ উন্নতি করুক। উন্নয়ন করতে হলে চাওয়াটাই আসল।

“মানুষের খাওয়া-পড়ার আর্থিক সঙ্গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় বিরোধী দলের জ্বালাও-পোড়াও আর ধ্বংসাত্মক রাজনীতি মাঠে মারা গেছে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এ ব্যাপারে প্রবাসীদেরকে সহায়তা অব্যাহত রাখতে হবে।”

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে সাবেক আইনমন্ত্রী আরও বলেন, “ভারতীয়-আমেরিকানদের দেন-দরবারের ফসল পাচ্ছে ভারত। বাংলাদেশি-আমেরিকানদেরও সে ভূমিকায় অবতীর্ণ হতে হবে।  বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বহু সুবিধা চালু রয়েছে।”

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক এ আইনমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, মানবাধিকার আইনজীবী অশোক কর্মকার, বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রকিব মন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিবউর রহমান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জসীমউদ্দিন, সাবেক সভাপতি মোশারফ হোসেন খান চৌধুরী, কুমিল্লা মহানগর সোসাইটির সাধারণ সম্পাদক সরোয়ার খান বাবু, সংগঠনের প্রধান উপদেষ্টা সরকার ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারি, জহীর মোল্লাহ ও কাজী মোহাম্মদ আব্দুর রহিম মাস্টার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, নির্বাহী সদস্য শাহানারা রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম ডালিম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!