২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় 'অর্থনীতিবিদ রবীন্দ্রনাথ'!

রবীন্দ্রনাথের অর্থনীতিচিন্তা বিষয়ক সেমিনার ‘অ্যানাদার ট্যাগোর: আ ক্যাম্পেইনার অব ইমান্সিপেশ্যান অব দ্যা পিস্যান্ট্রি ইন বেঙ্গল’ কানাডায় অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2017, 06:36 PM

Updated : 11 Oct 2022, 01:55 PM

স্থানীয় সময় শনিবার কানাডার ভ্যানকুভারে ভ্যানকুভার রবীন্দ্র পরিষদ ও ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ভারত ও দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের যৌথ আয়োজনে এই সেমিনার হয়।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার অ্যামেরিটাস অধ্যাপক মন্দাক্রান্তা বোসের সভাপতিত্ব বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ আতিউর রহমান এতে ‘রবীন্দ্রনাথের ভাবনায় বাংলার কৃষকের মুক্তি’ বিষয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, “পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) পারিবারিক জমিদারি দেখাশোনা কালে কৃষকদের দুরবস্থা তাকে গভীর মনোকষ্টে পীড়িত করে। তার মতে জমিদার প্রজাদের প্রভু নন, বরং সম্পত্তির রক্ষক মাত্র।”

রবীন্দ্রনাথকে ‘কৃষকবান্ধব জমিদার’ উল্লেখ করে আতিউর বলেন, “কৃষকদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার অনুরোধ করে তিনি অন্যান্য জমিদারদের চিঠি লিখেছিলেন। এর জন্য তাকে অন্য জমিদারদের বিরাগভাজনও হতে হয়েছিল। রবীন্দ্রনাথ নিজ জমিদারিতে মণ্ডলী ব্যবস্থা চালু করেন এবং জমিদারির আয় প্রজাদের সাথে ভাগ করে নেন। 

“ঋণের দুষ্টচক্র থেকে কৃষকদের মুক্তিদানের উদ্দেশ্যে তিনি নওগাঁর পতিসর ও শান্তিনিকেতনের শ্রীনিকেতনে দুটি ব্যাংক চালু করেন। তিনি সমবায়কে উৎসাহিত করেছিলেন।”

“তৎকালীন সমাজের ধারায় অক্সফোর্ড বা ক্যামব্রিজে না পাঠিয়ে রবীন্দ্রনাথ তাঁর পুত্র রথীন্দ্রনাথকে কৃষিবিজ্ঞান পড়তে আমেরিকা পাঠান। শিক্ষা শেষে রথীন্দ্রনাথ শান্তিনিকেতনে ফিরে এসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নতি সাধনে মনোনিবেশ করেন।”

সাবেক গভর্নর আরও বলেন, “রবীন্দ্রনাথ ‘অর্জিত স্বাধীনতায়’ বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন কৃষকদের মুক্তির জন্য আত্মউন্নয়নের কোন বিকল্প নেই, আর তাই সবার আগে কৃষকদের মধ্যে আত্মসচেতনতা ও আত্মপলব্ধির বিকাশ প্রয়োজন। কৃষকদের মাঝে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করে তিনি নানারকম গ্রামীণমেলা এবং উৎসবের আয়োজন করেন, যাতে করে কৃষকেরা একত্রিত হয়ে তাদের অন্তর্নিহিত শক্তিকে সমুন্নত করতে পারে।”

প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে আতিউর রহমান ধর্মীয় সহিষ্ণুতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে রবীন্দ্রনাথের দর্শনের উপযোগিতার কথা উল্লেখ করেন।

সেমিনার শেষে রবীন্দ্রসঙ্গীত শোনান শিল্পী অর্ন কমলিকা ও শঙ্খনাদ মল্লিক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!