২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে মহিলা সমিতির বর্ষবরণ উৎসব

আবুধাবিতে ‘বাংলাদেশ মহিলা সমিতি’ বাংলা নববর্ষ উদযাপন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি,আবুধাবি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2017, 11:19 AM

Updated : 11 Oct 2022, 01:55 PM

স্থানীয় সময় শুক্রবার আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে দিনটি উদযাপন করা হয়।

বর্ষবরণ উৎসবে আয়োজিত পিঠা উৎসবে ঘুরে দেখেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এ সময় উপস্থিত ছিলেন ‘বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি’র সভাপতি ইফতেখার হোসেন বাবুল,রাষ্ট্রদূতের স্ত্রী ও মহিলা সমিতির সভাপতি জাকিয়া হাসনাত ইমরান, মহিলা সমিতির সাধারণ সম্পাদক পপি রহমানসহ আরও অনেকে।

পিঠা উৎসবে ছিল চন্দ্রপুলি, নাকফুল পিঠা, রসমঞ্জরী,গোলাপ পিঠা, ক্ষীর, পাটিশাপটা, খেঁজুর পিঠা, মুখ পাকোয়ান, নারিকেলের পুলি, চিতই, ভাপা পিঠাসহ নানা রং,নকশা আর মুখরোচক স্বাদের দেশি পিঠার সম্ভার। এর আগে চিড়া, নারকেল, ঝোলা গুড় আর দই দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করা হয়। 

কারিশমা এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা সমিতির সভাপতি জাকিয়া হাসনাত ইমরান ও সমিতির সাধারণ সম্পাদক পপি রহমান।

জাকিয়া হাসানাত ইমরান বলেন, “বর্ষবরণের এ উৎসব বাঙালির প্রাণের উৎসব। তাই বাঙালি যেখানে থাকবে, সেখানেই এ উৎসব থাকবে।"

সাধারণ সম্পাদক পপি রহমান বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো বাঙালি জাতি বর্ষবরণের উৎসবে মহা আনন্দে অবগাহন করছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে।"

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, “আমাদের গৌরবময় ঐতিহ্যের অংশ বর্ষবরণ উৎসব।"

দেশিয় সংস্কৃতির যে কোন আয়োজনকে দূতাবাসের পৃষ্ঠপোষকতার আশ্বাস দিয়ে মহিলা সমিতির প্রবাসে এ ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!