ফ্রান্সের সাদা বরফের গল্প
ফ্রান্স দেশটা আমার কাছে ছবির মতো একটি দেশ। উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে আমার কাছে ফ্রান্স দেশটা একটু বেশি ব্যতিক্রমই মনে হয়েছে।
ইউরোপের অন্য দেশগুলোর প্রাকৃতিক সৌন্দর্যের বিপরীতে মানবসৃষ্ট সৌন্দর্য ও জৌলুসে ভরপুর। ফ্রান্স এ দিক দিয়ে ব্যতিক্রম, মানবসৃষ্ট কারুকার্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটি।
এজন্যই পৃথিবীর ভ্রমণপিয়াসু মানুষের কাছে ফ্রান্স ভ্রমণ পছন্দের তালিকায় সবসময়ই প্রথম সারিতে। ফ্রান্সকে দেশের চারিদিকে ঘিরে রাখা পাহাড়-পর্বতগুলো দেখলেই মনে হয়, এইগুলো রাখাই হয়েছে ফরাসিদের প্রোটেকশন দেওয়ার জন্য।
দেখার মতো বিষয় হলো, এই পাহাড়গুলো ঘিরেই এখানে বিভিন্নরকম স্পোর্টস করার জন্য সাজিয়ে রেখেছে ফ্রান্স কতৃপক্ষ। গরমের দিনে বিভিন্ন দেশ থেকে আসা মানুষ শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য কেউ হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় উঠছে, কেউ বা আবার স্কালাড করেও উঠছে।
শীতকালে ফ্রান্সের বিভিন্ন পাহাড়ে ‘স্কি’ করার জন্য মানুষের ঢল নামতে দেখা যায়। টিনিয়া, স্যামনই, লে সেইজি, মগজিনা, ভাল ডিজার’সহ একাধিক শহর স্কি স্পোর্টস করার জন্য বিখ্যাত। এইসব পাহাড়ের চূড়ায় ছোট ছোট ঘর বানিয়ে ভাড়ায় থাকার সুবিধা রয়েছে। আবার চাইলে কাপড়ের তৈরি ঘর, যাকে বলে ‘টেন্ট’- তা বিছিয়েও আপনি রাতের বেলা ওখানে ঘুমাতে পারেন।
স্যামনই অঞ্চলে রয়েছে ডজন খানেক পর্বতমালা। এছাড়া পুরো স্যামনই যেন পাহাড়ে ঢাকা। এ যাত্রাযর উদ্দেশ্য বরফের পাহাড়গুলো ঘুরে দেখা এবং স্কি করা। প্রতিটা পর্বতের ভাজে ভাজে বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে রকমারি স্কি পার্ক। এসব পার্কে শীতের এ সময়টাতে হাজারও মানুষ আসে বরফের মধ্যে স্নো বোটিং করতে। কেউ আসে স্নো স্কি খেলতে। বিশাল পর্বতের উঁচু ভাজ থেকে সাই করে নিচের দিকে পড়ছে স্কেটিং করতে আসা স্কি প্রেমীরা।
টেলিভিশনে বরফের মধ্যে এসব খেলা দেখেছি। কিন্তু এবার বাস্তবে দেখলাম এবং স্কি খেললাম। মনের ভেতরে আনন্দ। বাইরে হিম হিম বাতাসে মাইনাস ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে শরীর যেন পুরোটাই বরফ হয়ে যাচ্ছে। নিঃশ্বাসটাও যেন বরফের এক একটা খণ্ড।
সপ্তাহ শেষে আমাদের গ্রুপের মধ্যে প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করলাম। স্কি করার জন্য বিভিন্ন রকমের পিস্ট তারা তৈরি করে রেখেছে। তার মধ্যে ‘ব্লাক পিস্ট’ হচ্ছে সবচেয়ে কঠিন পিস্ট। ব্লাক পিস্ট না করলেও কঠিনতম রেড পিস্টসহ গ্রিন পিস্ট, ব্লু পিস্টের সবগুলোই ব্যবহার করেছি।
ফ্রান্সের আরও বিভিন্ন শহর ঘুরে চলে গেলাম আরগান্টিয়ার স্কাই পার্কে। হাজারও মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলছে। পাশে রয়েছে একাধিক স্কি রিসোর্ট। এ যেন বরফের রাজ্যে বিনোদনের আয়োজন।
যাত্রা পথে কখনও মাইলের পর মাইল বিশাল পাহাড়ের নিচ দিয়ে, আবার কখনও পাশ দিয়ে চলে গেছে হাইওয়ে রোড। বিশাল বিশাল এসব রাস্তা যে কত বছরে কত অর্থ ব্যয়ে তারা তৈরি করেছে, তা ভাবতেও অবাক লাগে!
ফ্রান্সের পাহাড়-পর্বত ও পার্বত্য হ্রদ অধ্যুষিত অঞ্চলগুলো বিভিন্ন মনোরম প্রাকৃতিক স্থানকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ হয়েছে। যা তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বিশ্বের অন্যতম স্কি রিসোর্টগুলো ফ্রান্সের এই শহরগুলোতে। এছাড়া অঞ্চলগুলোর ঐতিহাসিক গুরুত্বও এক্ষেত্রে সহায়ক হয়েছে।
সত্যিকার অর্থে বলতে গেলে ফ্রান্স দেশটি ভ্রমণপিয়াসুদের জন্য স্বর্গ। সারা বছরই এই দেশটিতে দেশি-বিদেশি পর্যটকে মুখর থাকে।
লেখক: ফ্রান্স প্রবাসী
ইমেইল: jafor.talha81@gmail.com
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
