নেদারল্যান্ডসে বসন্ত উৎসবে প্রবাসী শিশুরা
দেখে এলাম নেদারল্যান্ডসের আইন্ডহোফেনে প্রবাসী বাংলাদেশিদের একদিনের ‘বসন্ত উৎসব’।
এটি আয়োজন করেছে ‘সীমানা পেরিয়ে’ নামে প্রবাসী বাংলাদেশিদের একটি সাংস্কৃতিক সংগঠন। নেদারল্যান্ডসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি বন্ধুদের কাছ থেকে এই সংগঠনটি সম্পর্কে শুনেছিলাম।
এর যাত্রা শুরু ২০০৯ সালে। এবার সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য বিশেষ করে দুলাল তালুকদার, তানবীরা তালুকদার, মাহমুদ হাসান, আকলাম সেলিম ও জসিমউদ্দিন লিটনের কাছ থেকে সাদর আমন্ত্রণও পেয়ে গেলাম ।
বসন্ত উৎসব ছাড়াও বছরের অন্যান্য সময়ে তারা আয়োজন করে থাকেন বাঙালির প্রাণের আরো সব সাংস্কৃতিক উৎসবগুলো। নেদারল্যান্ডসের বাংলাদেশিরা অন্যান্য প্রবাসীদের মতো দেশের সীমানা পার হয়ে বিদেশে বসবাস করেন। প্রথমে ভেবেছিলাম, সে কারণেই হয়তো সংগঠনটির নাম ‘সীমানা পেরিয়ে’।
কিন্তু ১৮ মার্চ দিনব্যাপী তাদের বসন্ত উৎসবে অংশ নিয়ে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ও অনুষ্ঠান আয়োজন করা সম্পর্কে ধারণাই পাল্টে গেল। গত আট বছরে জার্মানি, ফ্রান্স, বেলজিয়ামসহ মধ্য ইউরোপের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আমার হয়েছিল। সেসব অভিজ্ঞতা আর আনন্দ কারো সঙ্গে ভাগাভাগি করতে না পারার এক ধরনের কষ্ট ছিল।
সবসময় মনে পড়তো- ‘বাঙালি দু’জন একসঙ্গে হলে রাজনীতি করে, আর তিনজন হলে সংগঠন করে’ এ ধরনের পরিচিত কৌতুক। প্রবাসী বাংলাদেশি হিসেবে মনের মধ্যে একটা চাপা ক্ষোভও ছিলো। আমরা কি ধর্ম-বর্ণ কিংবা রাজনৈতিক মতাদর্শ ভুলে প্রবাসে শুধুই বাংলাদেশি পরিচয়ে এক থাকতে পারিনা? একসঙ্গে থেকে প্রাণের বাঙালি সংস্কৃতি চর্চা করতে পারিনা?
আমাদের শিশুদেরকে বিদেশের উন্নত শিক্ষা আর সংস্কৃতি চর্চার পাশাপাশি আমাদের বিশেষ জাতীয় দিন আর বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিত করিয়ে দিতে পারি। ‘সীমানা পেরিয়ে’ আমার সে ছোট্ট স্বপ্নটি পূরণ করতে পেরেছে। নেদারল্যান্ডসের প্রবাসী বাংলাদেশিরা তাদের আয়োজিত বসন্ত উৎসবের মাধ্যমে প্রমাণ করেছে প্রবাসে আমাদের প্রচলিত রাজনৈতিক আদর্শ আর ব্যক্তিগত বিশ্বাসকে উপেক্ষা করে শুধুই বাংলাদেশি পরিচয়ে বসন্তের রং-বেরংয়ের শাড়ি আর পাঞ্জাবি পরে কীভাবে এক হওয়া যায়!
শুধু বাংলাদেশি পরিচয়ের সীমানায় আটকে না থেকে বাংলা ভাষাভাষী বন্ধুদেরকেও সাংস্কৃতিক পরিচয়ে যুক্ত করা যায়। বেলজিয়াম আর জার্মানির মতো প্রতিবেশীদেশগুলোর প্রবাসী বাংলাদেশিরাও আমন্ত্রণের তালিকা থেকে বাদ পড়েননি। এমনকি প্রবাসী বাংলাদেশিদের ইউরোপিয় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
‘সীমানা পেরিয়ে’র বসন্ত উৎসবের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে, তা হচ্ছে অনুষ্ঠানের বেশিরভাগ অংশ জুড়ে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পুরো অনুষ্ঠান জুড়েই দৃষ্টি কেড়েছে প্রবাসী বাংলাদেশি শিশুদের একক এবং দলীয় গান ও নাচসহ সবগুলো পরিবেশনা।
এছাড়া ভারতীয় বাঙালিরাও অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবের সৌন্দর্য বাড়িয়েছেন। প্রবাসী বাঙালি সৌখিন শিল্পীদের পরিবেশনায় নাচ, গান আর নাটক দেখে বোঝা গিয়েছে তারা সবাই বিদেশে কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকেও বাঙালি সংস্কৃতি চর্চায় কতটা আন্তরিক। দূরে থেকেও তারা প্রাণের বাঙালি সংস্কৃতিকে গভীরভাবে বুকে ধরে আছেন।
আর সে কারণে ব্যস্ততার মধ্যেও ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উৎসবে অংশ না নিয়ে থাকতে পারেননি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, তাও আবার সপরিবারে। রাষ্ট্রদূতের স্ত্রী দিলরুবা নাসরীন গান গেয়ে সবাইকে চমকে দিয়েছেন। এছাড়া দুপুরের খাবারে সব পাকা হাতের বাঙালি রান্না আর বিকেলের পিঠা উৎসবে নানা রকমের দেশিয় পিঠা ছিল। দেশিয় খাবারের স্বাদ আর বৈচিত্র্য যেন বাঙালি সংস্কৃতির এক অসাধারণ অংশ।
দেশের সীমানা পাড়ি দিয়ে হয়তো অনেকেই দেশকে ভুলে সীমানাহীন হতে পারেন, কিন্তু বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে থাকাই গৌরবের।
লেখক: প্রবাসী সমাজকর্মী ও সাংবাদিক
