২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা জানা এক ফিনিশ নাগরিকের গল্প

সুয়োমি বা ফিনিশ ভাষাটা বেশ কঠিনই বলা চলে। বাংলার সঙ্গে উচ্চারণগত মিল পাওয়া গেলেও রীতিমত হিমশিম খেতে হয় আয়ত্তে নিতে। তবে সেই ফিনিশ ভাষাভাষী একজন ঠিকই রপ্ত করে নিয়েছেন বাংলা।

এহেছান লেনিন

ফিনল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 03:43 AM

Updated : 11 Oct 2022, 01:30 PM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার ফিনল্যান্ডের অউলু বিশ্ববিদ্যালয়ে বাঙালি শিক্ষার্থীরা অনুষ্ঠান করছেন শুনে ছুটে এসেছিলেন সেই ব্যক্তিটি।

বলে রাখি ফিনল্যান্ডের ভাষা ফিনিশ বা তাদের ভাষায় সুয়োমি। তাদের মোট বর্ণমালা ২৯টি। তার মধ্যে দুই-একটি আবার সুইডিশ বর্ণমালা থেকে ধার করা। আরেকটি বিষয়, সুয়োমি ভাষায় কোনো ‘ভবিষ্যত কাল’ বলতে কিছু নেই!  

যাক সেই বাংলা জানান ফিনিশ নাগরিকের কথাই বলি। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ভ্যালিতে থরে থরে সাজানো বর্ণমালা আর বাংলা লেখা পোস্টারগুলো যখন ছুঁয়ে দেখছিলেন, তার চোখে ছিল প্রিয় কিছুকে কাছে পাওয়ার প্রচণ্ড আবেগ।

কাছে যেতেই হাসি দিয়ে বললেন, “আমি বাংলা জানি; বাংলাদেশকে চিনি।”

তখনও নাম জানা হয়নি। নাম জানা হয় একেবারে কথার শেষে। তাও আগেই বলে দিই, নাম  মিক্ক পেরালা।

মিক্ক পেরালার গল্পটা অন্যরকম। ২০০৪ সালে ব্যবসায়িক সূত্রে ঢাকায় ছিলেন একবছর। গুলশান দুই নম্বরে ছিল তার অফিস; আর থাকতেন মিরপুর পল্লবীতে। এই সময়েই ভাষাটা রপ্ত করে ফেলেছেন তিনি। প্রায় ১৩ বছর ধরে ধারণ করছেন অ আ ক খ, আমাদের বর্ণমালা, আমাদের বাংলা ভাষা। 

তার গল্প শুনেই কথাগুলো ক্যামেরাবন্দি করার ইচ্ছেটা জেগে উঠে। বাঙালি শিক্ষার্থী সানাউল হককে সামনে ঠেলে দিয়ে নিজে দাঁড়িয়ে গেলাম মোবাইল ক্যামেরা অন করে।   

তাকে জিজ্ঞেস করা হয়েছিল ঢাকায় কোথায় ছিলেন আপনি? স্পষ্ট বাংলায় বললেন- “অফিস ছিল গুলশান দুই নম্বরে, আর বাসা মিরপুর পল্লবী সাড়ে এগারতে।”

উচ্চারণ আর অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই এই সোনালি চুলের দীর্ঘদেহী মানুষটি ফিনল্যান্ডেরই নাগরিক।

পরের প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়েছিল- বাংলাদেশকে কেমন চেনেন, ভালোবাসেন? তার উত্তর ছিল- “বাংলাদেশকে আমি ভালোবাসি।”

আর বাংলা ভাষার কথা আসতেই বলে দিলেন, “বাংলাকে আমি ভালোবাসি।”

যার সঙ্গে এতক্ষণ কথা হলো সেই মিক্কর নামটি জানা হয়নি ততক্ষণেও। সানাউল জানতে চাইলেন তার নাম। বললেন, “আমি মিক্ক; আপনার নাম কি?”  

আমার ঠিক জানা নেই ফিনিশ ভাষাভাষী আর কেউ বাংলায় কথা বলতে পারেন কিনা। এমনও হতে পারে ৫৫ লাখ জনসংখ্যার দেশটিতে একজন মিক্কই বাংলা বোঝেন, কথা বলতে পারেন!

আমি নিজেও মিরপুর পল্লবী সাড়ে এগারোর অধিবাসী ছিলাম জেনে মিক্ক বলছিলেন, “অ্য স্মল এরিয়া উইথ লটস অফ পিপল। ওভারলি পপুলেটেড। আই থিঙ্ক, আই ওয়াজ দ্য ওনলি ফরেইনার হু লিভড দেয়ার।”

মিক্ক পারেলার কথা শুণে মনটা ছুটে গেল আমার প্রিয় মিরপুরে; যেখানে ঘুম ভাঙে পায়ের শব্দে; হাজারো যন্ত্রের পদধ্বনি! গার্মেন্টস শ্রমিকদের ‘যন্ত্রময়’ জীবনের কতোটা কষ্ট এই শহরে লেখা আছে আমি জানি। মিক্করা হয়তো তা জানেই না।

বাংলাটা ঠিকই পড়তে শিখেছে, বুঝতে শিখেছে; কষ্টগুলো কি পড়তে শিখেছে এই উন্নত দেশের মানুষ মিক্করা?

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!