২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসের চিঠি: নানার সঙ্গে শেষ দেখা

প্রথম যখন দেশ ছেড়ে আসছিলাম তখনকার কথা। টিকেট কাটা হয়ে গেছে। ভাবলাম নানা-নানু আর সবাইকে দেখে আসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসমা সিদ্দিকা, সুইডেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 10:55 AM

Updated : 11 Oct 2022, 01:27 PM

হাতে সময় খুব কম, সব কাজের সঙ্গী মাহমুদকে নিয়ে ছুটলাম নানাবাড়ির দিকে। কয়েকটা দিন কেমন করে যেন চলে গেল। শেষবারের মতো সারাজীবনের স্মৃতিময় বাড়িটা ঘুরে দেখলাম। যেখানে প্রতিটা জায়গা, প্রতিটা গাছের সাথে আমার আত্মার সম্পর্ক।

শৈশব, কৈশোরের স্মৃতিজড়ানো আমার নানাবাড়ি। আর স্বপ্ন দেখে কাটানো, হারিয়ে যাওয়া অলস বিকেলগুলোর কথা মনে পড়ে যায়। পুকুরপারে কিছুক্ষণ বসলাম। আসার সময় নানা আমার মাথায় হাত রেখে ডুকরে কেঁদে উঠলো। জীবনের প্রথম নানার চোখে জল দেখলাম।

নানা বললেন, ‘আমার কলিজার টুকরাটা আমাকে ছেড়ে দূর দেশে চলে যাবে, কেমন করে থাকবো আমি!’ আমি বললাম, ‘নানা, আপনিইতো জোর করে বিয়ে দিলেন, দূরে ঠেলে দিলেন।’ এমনি কতো কথা হলো। আজো সেই চোখ দুটি ভুলতে পারি না। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন, প্রিয় নাতনিটাকে আর কোনদিন দেখতে পারবেন না।

সেই ছিল নানার সঙ্গে শেষ দেখা। চাতকের মতো পথ চেয়ে থাকতো নানা, কখন আমি ফোন দিবো। মিনতি করতো প্রতিদিন এক মিনিট কথা বলার জন্য। কয়েক দিন দেরি হলে কথা বলত না। মাঝে মাঝে তেমন ফোন করা হতো না। নানা রাগ করতেন।

একদিন হুট করে নানা চলে গেলেন না ফেরার দেশে। শেষ দেখা হলো না, হলো না মন খুলে একটু কথা বলা। হাত ধরে একটুখানি বসে থাকা। সব অপেক্ষা সঙ্গে নিয়েই তিনি চলে গেলেন। আজ  কয়েক বছর হয়ে গেল নানা নেই!

এমনি করে আরো কতো আপনজন হারিয়ে যাচ্ছে। প্রবাসে আছি বলে শেষবার দেখাটা হয় না। শেষ মুহূর্তে পাশে থাকা হয় না, বলা হয় না কতো না বলা কথা।

দেশের বাইরে থাকার সবচেয়ে কষ্ট হলো, আপনজন হারানোর সময় শেষ দেখাটা হয় না। এই কষ্ট কি বলে বা লিখে বুঝানো যায়!

লেখক: প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী।

ই-মেইল: siddika.asma@yahoo.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!