জামায়াত-শিবিরই বাংলাদেশে জঙ্গিবাদে লিপ্ত: মাওলানা মাসঊদ
একাত্তরে যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন শিবিরই বাংলাদেশে জঙ্গিবাদে লিপ্ত বলে অভিযোগ করেছেন কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দিন মাসঊদ।
স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্ক সিটির ওজোন পার্কে আল মদিনা পার্টি হলে প্রবাসীদের এক সমাবেশে বক্তৃতায় তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, “মওদুদীর অনুসারিরা অপব্যাখ্যা করে দেশ-বিদেশে শান্তির ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশে জামায়াত-শিবিরই জঙ্গিবাদে লিপ্ত। ওদের রুখে দিতে ধর্মপ্রাণ প্রতিটি বাংলাদেশিকে প্রবাসেও ঐক্যবদ্ধ হতে হবে।
“গুলশানে হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞের সময় সন্ত্রাসীরা যে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়েছে, তার সাথে সত্যিকারের ‘আল্লাহু আকবর’ এর কোনই সম্পর্ক নেই। সেটি হচ্ছে মাওলানা মওদুদীর ‘আল্লাহু আকবর’, যা ব্যবহার করে নিজেদের মতলব পূরণের ধান্ধা করা হচ্ছে।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, আইরিন পারভিন, মুক্তিযোদ্ধা এম এ জলিল, নাসির উদ্দিন, আবু নাসের, মোজাহিদুল ইসলাম, জাহাঙ্গির হোসেন, মাওলানা রফিকউদ্দিন, মকবুল রহিম ও হেলিম উদ্দিন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
