'কষ্টের টাকায় সুখে থেকো তোমরা'
মাস শেষে কষ্টের টাকা বাংলাদেশে পরিবারের কাছে পাঠিয়ে একটা কথাই খালি মনে বাজে- ‘সুখে থেকো তোমরা’।
তারপর মেসের ভাড়া মিটিয়ে মানিব্যাগের কোণায় লুকানো কয়েন দোকানিকে দিয়ে বলি, ‘ভাই একটা রুটি, সাথে একটু ঝোল দিয়েন।’
প্রবাসীর জীবনে থাকে একটা নির্ঘুম রাত, ছুটে চলা বাস-ট্রেনের একটি ভোর, কাজে যাওয়ার তাড়া, মালিকের অসহ্য কুরুচিপূর্ণ ভাষা, ক্ষুধার্ত দুপুর, অবসন্ন একটি বিকেল। তারপর ক্লান্ত গোধূলিলগ্নে চোখ কপালে তোলা শুকিয়ে যাওয়া সাদা ঠোঁটের মলিন মুখ।
কাজ শেষে আসে সোডিয়ামের আলোয় ঘরেফেরা বেদনার্ত রাত। যদি এইসব অনুভূতি প্রিয়জনের হাতে তুলে দেওয়া যেতো, তাহলে প্রবাসীর সুখের সাথে চোখের জল কি আটকাতে পারতো আপনজন!
তোমাদের প্লেটে তখন বাহারি খাবার হয়তো। ঘুম ঘুম চোখে মোবাইলের বাটন চেপে বার বার ওপাশ থেকে বলে, ‘এই মুহূর্তে ব্যস্ত আছে, আবার চেষ্টা করুন।’ তখন বোঝা যায় প্রবাস কাকে বলে। দোকানে সাজানো সেলফে সোনার অলঙ্কার দেখে চোখে ভাসে প্রেমিকা কিংবা স্ত্রীর অবয়ব, পকেটে যথেষ্ট টাকা নেই, মনটা বারবার খারাপ হয়ে যায়।
তবু বলতে শোনা যায়, জীবনযুদ্ধ শুধু দেশের মাটিতে- প্রবাসে নয়। প্রবাসে নাকি খালি টাকা আর টাকা, অতি সহজেই ধরা দেয়!
তাইতো উদোরপূর্তি জীবনযাপনের সাথে ইন্সুরেন্স, প্লট, বাড়ি, গাড়ির স্বপ্নের চাপে প্রবাসীর প্রাণ যায় যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে শ্রমিক হয়ে প্রবাসে আসা কিংবা পিএইচডি ডিগ্রি নিতে- অথচ কত শ্রমিক পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরে যায়। কতজন ‘হ্যান্ড টু মাউথ’ থেকে যায়!
হাজার হাজার মাইল দূর প্রবাসী কেবল স্বপ্নের বীজ বুনে যায়। মনের খাঁচায় পাওয়া না পাওয়ার বেদনায়, কষ্টের তিব্রতায় আর প্রিয়জনের বিশ্বাসহীনতায়। কতজন নিঃস্ব হয়ে যায়- অর্থে নিঃস্ব, ভালোবাসায় নিঃস্ব।
প্রবাসে থাকলেই কি সুখে থাকা যায়? প্রবাস একটা হতাশার নাম। বেকারত্ব যদিও ঘুচেছে, কিন্তু শিক্ষিত-অশিক্ষিত বেকার রয়ে গেছে বরাবরের মতোই।
সিঙ্গাপুরে আসতে এখন যে পরিমাণ টাকা লাগে, একটানা পাঁচ বছর কাজ করেও মূলধন উঠে আসার নয়। অনেকেই আসেন ট্রেনিং সেন্টারের মাধ্যমে, আসেন পরিচিত বন্ধুদের মাধ্যমে। এক বছর কাজ করলেই পারমিট শেষ, তারপর বিমুখ বদনে দেশে প্রত্যাবর্তন। দশ-বারো-পনর লক্ষ টাকার স্বপ্নের সলিল সমাধি।
আবারও পাঁচ-ছয় লক্ষ টাকা খরচ করে পুরাতনরা নতুন হয়ে আসছেন সিঙ্গাপুরে। বিদেশ আসার এই ফ্লো কেন থামছে না? দেশে কি কাজ নেই! প্রবাসে থেকে তো শুনি দেশ নাকি এগিয়ে গেছে অনেক! অথচ বেশ কয়েকবার দেশে কিছু একটা করতে গিয়ে বিফল হয়ে বারবার ছুটে আসি বিদেশে।
প্রবাস মানে এক অবিশ্বাসের জগৎ। একটা সময়ের পর পিতা-মাতা, ভাই-বোন এমনকি স্ত্রীও বিশ্বাস করেন না। একমাত্র যারা সহকর্মী তারাই একে অপরের সাথী। তারা ছাড়া কেউ বিশ্বাস করে না যে প্রবাসে সুখ নয়, শুধু কষ্ট আছে। এতো সহজে টাকা আয় করা যায় না এখানে।
তবে হ্যাঁ- একটা মানুষের জীবন বিসর্জন দেওয়া কষ্টে যদি তার পরিবারের পাঁচ ছয়টা প্রাণ খেয়েপরে বাঁচে, তাহলে এই প্রবাসকে ভালো বলা যায়। এটা ঠিক, এক প্রবাসীর সঙ্গে জুড়ে আছে অনেকগুলো মানুষের স্বপ্ন, কারো কারো বেঁচে থাকা, কারো ভালো থাকা, কারো বিলাসিতা।
এভাবে কারো সংসার ভাঙে, আবার কেউ যৌতুকের বেড়াকলে ফেঁসে যান। কেউ করে নির্যাতন, কেউ হয় নির্যাতিত। কেউ সব ভুলে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন। আবার কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ আসার চেষ্টা করেন।
সে দিন একজনকে জিজ্ঞেস করলাম, “এখানে পালিয়ে বেড়াচ্ছ। স্পেশাল পারমিটে আছো, লুকিয়ে মুটেগিরি করছো, দেশে করলে কি ক্ষতি ছিলো? ” উত্তরে সে বললো, “ভাই, আমি গ্রাজুয়েশন করা। দেশে রিক্সা চালাতে, ক্ষেতে কাজ করতে, মুটেগিরি করতে লজ্জা হয়। এখানেতো সবাই একই রকম, সবাই কাজ করছে। অন্তত এখানে দেশের মানুষরা দেখতে পারছে না কোন কাজটা করছি। ইজ্জত যাচ্ছে না!”
ইজ্জত অবশ্যই বড়ো, তবে ক্ষুধার চেয়ে নয়। সিঙ্গাপুরে স্পেশ্যাল পারমিট বা মিনিস্ট্রি অব ম্যানপাওয়ারে রিপোর্ট করা বাংলাদেশিদের সংখ্যা আগের তুলনায় কম হলেও বেশ আছে বলা যায়। যারা হুন্ডির জন্য ডলার কালেকশন, আইপি বিজনেস বা ভিসা বের করা, স্বর্ণ ব্যবসা, সিগারেট ব্যবসায় যুক্ত হচ্ছেন, তার প্রত্যেকটি অবৈধ। এই যে নানাভাবে জীবন যাপনের প্রচেষ্টা চলছে, অভিভাবকরা কিংবা প্রিয় মানুষেরা বিশ্বাস করেন না।
দু-চারজন মন্দ কাজে ঝুঁকে পড়লেও বেশির ভাগ সৎভাবে কষ্ট করে জীবন পার করছেন। অপেক্ষায় থাকেন আবার যেন রিনিউ হয় ওয়ার্ক পারমিট। লক্ষ টাকায় বিদেশ এসে মাত্র কয়েক হাজার টাকা হাতে নিয়ে দেশে ফেরত যাওয়া থেকে মুক্তি চান প্রবাসীরা।
তবে অনেকেই বিদেশে আসার পরপর ভাবেন, কেন এলাম? প্রবাসী বন্ধুরা যতই বুঝালো- আসিস না, কষ্ট আছে, তখন বন্ধুদের শত্রুই ভাবে। ভাবে হিংসুক!
বিমান পার হয়ে যখন দাঁড়ায় বাস্তবতার মুখোমুখি, তখন শুরু হয় হৃদয়ের তোলপাড় , শুরু হয় হতাশা আর সংগ্রামের জীবন।
লেখক:সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
