২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে অভিবাসী আইন: ‘বাংলাদেশিসহ অন্যান্যদের জন্য সুখবর নেই’ 

ইউরোপজুড়ে ক্রমাগত সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে চলতি জানুয়ারি মাসেই অভিবাসী আইন সংস্কার করে নতুনভাবে পর্তুগালের পার্লামেন্টে উত্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির অভিবাসী বিষয়ক আইনজীবী ও বিশেষজ্ঞ রুট আলগারভিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম হাসান পাভেল, পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 05:31 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

নতুন অভিবাসী আইনের কয়েকটি ধারা বাংলাদেশিসহ অন্যান্যদেশের অভিবাসীদের জন্য কঠোর হবে বলে মনে করছেন তিনি।

বছরখানেক ধরে পর্তুগালে অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা নানা ভোগান্তি ও অভিযোগ করে আসছেন। সেসবের ভিত্তিতে এ প্রতিবেদনের লেখকসহ বেশ কয়েকজন কথা বলেন রুট আলগারভিওর সঙ্গে।

আইনজীবী রুট বলেন, “বর্তমানে অভিবাসন আইনের ৮৮-২ ধারা মোতাবেক পর্তুগালে প্রবেশের বৈধ কাগজ থাকলে পর্তুগিজ রেসিডেন্স পাওয়া সম্ভব। যদিও বিগত এক বছরে অভিবাসীদের সর্বোচ্চ সংখ্যক আবেদনের কারণে এস ই ফ (অভিবাসন অধিদপ্তর) কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে বৈধভাবে বসবাসের অনুমোদন দেওয়া এবং নতুন সাক্ষাৎকার নেওয়ার সময় দিতে হিমশিম খাচ্ছে।

“তাই ছয় থেকে আট মাসের অভিবাসন প্রক্রিয়াটি এখন দীর্ঘসূত্রিতায় ১৪ থেকে ১৮ মাস পর্যন্ত গড়াচ্ছে। এছাড়াও সেনজেন এরিয়ার বাইরে ব্রিটেন ও রোমানিয়ান রেসিডেন্স কার্ডের মেয়াদ থাকা অবস্থায় যারা পর্তুগালে প্রবেশ করেছেন, বর্তমানে এস ই এফ  তাদেরকেও বৈধভাবে থাকার অনুমোদন দিয়েছে।”

তিনি জানান, যাদের পর্তুগালে প্রবেশের বৈধ কাগজ নেই তারা ১২ মাস ট্যাক্স দেওয়ার পর অভিবাসন আইন ১২৩ ধারায় এস ই এফ  বরাবর আবেদন করতে পারবেন।

“কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে বৈধ করার ব্যাপারে কর্তৃপক্ষের উদ্যোগ নেই। ইতোমধ্যে অনেকেই এ ধারায় আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন।”

দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালের অবস্থান আটলান্টিক মহাসাগরের দীর্ঘ উপকূলজুড়ে। চমৎকার এবং দীর্ঘ সৈকতগুলোর জন্য ইউরোপে ‘সাগরকন্যার দেশ’ হিসেবে পরিচিত পর্তুগালে বাংলাদেশির সংখ্যা ৭ থেকে ১০ হাজার।

২০১৬ সালের শুরুর দিকে ইউরোপের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার জের ধরে ইইউ সন্ত্রাসবাদ মোকাবেলায় সতর্ক অবস্থানে যায়।

ইইউ'র চাপে পর্তুগালের অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠিন হতে শুরু করে। এরই মধ্যে গত বছরের মার্চ মাসে ব্রাসেলস হামলার পর থেকে পর্তুগিজ স্যোসাল সিকিউরিটি নম্বর দেওয়া বন্ধ করে দেয় পর্তুগিজ কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে আইনজীবী রুট বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরও বৈধ বসবাসের অনুমতির কার্ড ইস্যু না করার কারণ এস ই এফ  থেকে বৈধভাবে পর্তুগালে প্রবেশের কাগজপত্রাদি নতুন করে চাওয়া হচ্ছে।”

যারা এখনও হাতে বৈধভাবে বসবাসের কার্ড হাতে পাননি তাদেরকে কাজের ‘কন্টাক্ট’ বা চুক্তি ঠিক রেখে নিয়মিত ট্যাক্স দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “ট্যাক্স নিয়মিত না দিলে বিষয়টিকে বৈধভাবে বসবাসের বিষয়টি আরও জটিল হয়ে যাবে।”

নতুন অভিবাসন আইন সম্পর্কে জানতে চাইলে রুট বলেন, “গত ডিসেম্বরেই পর্তুগিজ পার্লামেন্টে অভিবাসন আইনের পরিবর্তন এনে নতুন আইন পাশ করার কথা ছিল। কিন্তু ঘোষিত সময় পার হয়ে গেলেও আইন পরিবর্তনের কোনও বিল সংসদে উত্থাপিত হয়নি।

“জানুয়ারিতে সেই বিলটি পাশ হবে বলে কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে।”

“তবে সংশোধিত নতুন অভিবাসন আইনে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীদের জন্য কোনও সুখবর থাকার সম্ভাবনা নেই”, বলেন তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!