২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ-বাংলাদেশি কিশোরকে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎকার

তরুণ প্রজন্মের উন্নয়নে কমনওয়েলথের ভাবনা জানতে সংস্থাটির মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যের লন্ডন বারা অব রেডব্রিজ ইয়ুথ কাউন্সিলের ‘ইয়াং কেবিনেট’ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত নাহিয়ান পাশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 08:23 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

সম্প্রতি ওই সাক্ষাতে নাহিয়ানকে দেওয়া মহাসচিবের একটি সাক্ষাৎকার ফলাও করে প্রচার করা হয়েছে কমনওয়েলথের মূল ওয়েবসাইট ‘দ্যা কমনওয়েলথ’ ও কমনওয়েলথ ইয়ুথ ম্যাগাজিন ‘ইওর কমনওয়েলথ’ এ।

সাক্ষাৎকারে কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে নাহিয়ানের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ৫২ রাষ্ট্রের সম্মিলিত সংস্থাটির মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড।

নাহিয়ানকে তিনি জানান, সংস্থাভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা দিতে কমনওয়েলথ প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের উজ্জল ভবিষ্যতের লক্ষ্যে তারা যা অর্জন করতে চায়, তা করতে পারছে এমনটিই দেখতে চায় কমনওয়েলথ।

কমনওয়েলথ মহাসচিব তরুণ প্রজন্মের প্রতিনিধি নাহিয়ানকে আরও বলেন, তরুণরা সমাজের ভবিষ্যত। আকাঙ্ক্ষা, অনুপ্রেরণা ও মেধা থাকলে তারা যা চায় তা অর্জন করতে পারে।

সাম্প্রতিক সময়ে রাজনীতির প্রতি তরুণ প্রজন্মের একটি অংশের উদাসীনতা নিয়ে নাহিয়ান কমনওয়েলথ মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করলে তিনি স্বীকার করেন যে, তরুণ প্রজন্মের বিরাট একটি অংশের রাজনীতি থেকে দূরে থাকার প্রবণতায় তিনি কিছুটা হতাশ।

কমনওয়েলথ মহাসচিব বলেন, “সমাজের সবচেয়ে সম্ভাবনাময় এই জনগোষ্ঠিকে এটি বুঝতে হবে যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে”।

তরুণরা পরিবর্তনের পক্ষে উচ্চকন্ঠ হয়ে আইনগত সুযোগ সুবিধা লাভ করুক এবং সবক্ষেত্রেই নেতৃত্ব দিক, তার এমন প্রত্যাশার কথাও ইয়াং কেবিনেট সদস্য নাহিয়ানকে জানান পেট্রিসিয়া। 

এই মুহূর্তে তরুণ প্রজন্মের প্রতি তার একটি পরামর্শ জানতে চাইলে কমনওয়েলথ মহসচিব নাহিয়ানকে বলেন, “নিজের আবেগকে অশ্রদ্ধা নয়, অনুসরণ করতে হবে। তবেই আমরা যা ভালোবাসি তা অর্জনকে লক্ষ্যে পরিণত করতে পারব”।

তিনি বলেন, “সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকেই কোনো না কোনো ক্ষেত্রে মেধা দিয়েছেন, সেই মেধা খুঁজে বের করার লক্ষ্য থাকতে হবে আমাদের। ব্যর্থতার ভয় নয়, চেষ্টা না করার অনুশোচনা থাকতে হবে”।

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে নাহিয়ান একটি ফিচার লেখেন, যা কমনওয়েলথের মূল ওয়েবসাইট ‘দ্যা কমনওয়েলথ’ ও কমনওয়েলথ ইয়ুথ ম্যাগাজিন ‘ইওর কমনওয়েলথ’ ফলাও করে প্রচার করে।

কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে এ সাক্ষাৎ ভবিষ্যত নিয়ে তাকে আশাবাদী করে তুলেছে বলে ফিচারে মন্তব্য করেন নাহিয়ান। তার মতে, কমনওয়েলথের মত শীর্ষ সংস্থাগুলোর সহযোগিতা পেলে তরুণ প্রজন্ম তাদের স্বপ্ন পূরণের লক্ষ্য অর্জনে অবশ্যই সফলতা পাবে।

লন্ডনের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ইলফোর্ড কাউন্টি হাইস্কুলের ইয়ার-১১ এর ছাত্র নাহিয়ান প্রবাসী সাংবাদিক সৈয়দ আনাস পাশা ও সৈয়দা ফেরদৌসি পাশা কলির সন্তান। লেখাপড়ার পাশাপাশি লন্ডন বারা অব রেডব্রিজের ইয়ুথ কাউন্সিলে কেবিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।