বনভোজন ও ভালোবাসার চিরকুট
অস্ট্রেলিয়ার অ্যাডেইলেইডে বসবাসরত প্রবাসী বাঙালিরা মেতে উঠেছিলেন এক দারুণ বনভোজনে।
বৃহস্পতিবার মজার এ বনভোজনটি আয়োজন করেছিলো পিদিম পাঠাগার।
মোরগ লড়াই, বস্তা দৌড় থেকে শুরু করে ছোট-বড় সবাই মেতে উঠেছিলো নানা মজার খেলায়। আর বনভোজন নামের সার্থকতা প্রমাণ করতেই যেন ভোজন পর্বে ছিল নানা পদ।
শুটকি তরকারি, ডালভর্তা, আলুভর্তা, বেগুনভর্তা, সবজি, ঝোল ঝোল মুরগির মাংস- সবকিছুতেই ছিল দেশি স্বাদ। খুব সাধারণ কিছু খাবার, খুব সাধারণ কিছু ঘটনা... কিন্তু সবমিলে যেন জন্ম দিয়েছে এক সুখ স্মৃতিময় দিন!
দারুণ আয়োজনের পেছনে ছিল ভালোবাসা- যা মানুষের সবচেয়ে বড় সম্পদ, অনিঃশেষ এক সঞ্চয়।
অ্যাডেলেইডবাসীর প্রতি পিদিম পাঠাগারের শর্তহীন ভালোবাসা আর অন্তহীন অনুপ্রেরণা ভুলিয়ে দিয়েছে আয়োজনের ছোটখাটো ত্রুটি।
আয়োজকদের প্রশ্নাতীত সহযোগিতায় অংশগ্রহণকারীরা ছিলেন মুগ্ধ। ভালোবাসা এক ধরণের ঋণ, কেবল ভালোবাসা দিয়েই তা পরিশোধ করা যায়।
তাই এ আয়োজনের প্রকাশ্যে এবং নেপথ্যে থাকা সবার প্রতি শুধুই ভালোবাসা রইলো।
