২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাদের চলতে হবে, ভয়ে ঘরে বসে থাকা সম্ভব নয়'

এক মর্মান্তিক ঘটনায় বার্লিন তথা সারাবিশ্ব আবার বিহ্বল। এলাকাটি শহরের প্রাণকেন্দ্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিতালী মুখোপাধ্যায়, জার্মানির বার্লিন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

জনবহুল কু ডাম এবং তার কাছের সেই স্মরণীয় চার্চ, যা দাঁড়িয়ে সাক্ষী বহন করছে বিধ্বংসী দ্বিতীয় বিশ্বযুদ্ধের।  বার্লিন শহরবাসী  দুই বিশ্বযুদ্ধের সাক্ষী। 

জার্মানিতে মাঝেমধ্যেইই বাড়ি তৈরি করতে মাটি খুঁড়লেই শোনা যায় বোমা পাওয়া গেছে।  গত সপ্তাহের মঙ্গলবারও বার্লিনে একটা বোমা খুঁজে পায়, যা আমার কর্মস্থল ট্রেপটোয়ার পার্কের খুব কাছে। 

সম্ভবত এ কারণেই সোমবারের ওই সন্ত্রাসী হামলায় আঘাত ভেঙে পড়েনি জনগণ। হ্যা, অবশ্যই এই আক্রমণে শঙ্কিত হয়েছে।  ইউরোপের প্যারিস, নিস, ব্রাসেলস এ ধরণের হামলার জন্য হয়তো প্রস্তুতই ছিল। বড়দিনের আগে কিছু একটা হলেও হতে পারে। 

অগাস্টে মিউনিখ শপিং মলে হামলার ঘটনায় ৯ জন মারা যায়। সেই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল। ট্রেনে দুয়েকবার ছুরি নিয়ে আক্রমণ জার্মানদের সজাগ করে দিয়েছে। 

তবে সোমবারের ঘটনার পর এখন বার্লিন শহরে আতঙ্ক নেই। জীবনযাত্রা  স্বাভাবিক হয়ে গেছে। মানুষজন কাজে গেছে। সব দোকানপাট খোলা এবং অন্যদিনের মতই ভিড়। সব ক্রিস্টমাস বাজারে অতিরিক্ত সতর্কতা জারি করে খোলা রাখা হয়েছে।

বার্লিনে বেড়াতে এলে সবাই একটি ভাঙা চার্চ দেখতে ভুল করে না । বিধ্বংসী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো,   ঠিক যেখানে সোমবার ক্রিসমাস মার্কেটের লরি নিয়ে হামলায় ১২ জন মারা যান। 

এটা বিভক্ত বার্লিনের প্রাণকেন্দ্র ছিল। পশ্চিম বার্লিনে ব্রাইসাইড প্লাটস বিখ্যাত কু ডাম সরণির গায়েই। বহুবার এই ক্রিস্টমাস বাজারে যাওয়া হয়েছে, যখন ছেলেরা ছোট ছিল। এমনকি মনে পড়ে এই বিখ্যাত ক্রিস্টমাস বাজারের মঞ্চে আমার এক খ্রিস্টান বান্ধবীর সাথে কোয়ারে যিশুর গানও করেছি। সেটা বার্লিন এ আসার পরেপরেই।

ঘটনা ঘটার পর পরেই প্রিয়জনরা আমাদের খোঁজখবর  নিয়েছেন।  আমার ছোট  ছেলে অন্য শহরে থাকে, সেও  উদ্বিগ্ন হয়ে ফোন করেছে। পুলিশের গাড়ির হর্ন সারা সন্ধ্যাটাই বেশ শোনা গেছে।

আমি বার্লিনের নয়কোলন ওয়ার্ডে  বাস করি। ক্রিস্টমাসের মেলা এখানে ইউরোপীয় মানুষজনের সারাবছরের বেচাকেনার মূল সময়। মেলাগুলোয় কাজ করে অনেকে সারা বছরের জীবন  যাপন এর কিছু অর্থ সঞ্চয় করে রাখে। তাই এই মেলা অর্থনৈতিক কারণে সাধারণ মানুষের রুজিরোজগারের মাধ্যম বলা যেতে পারে।

তাই আমার শুধু মৃত নয়, জীবিতদের জন্য খারাপ লাগছে। এখন এই শেষ ক'দিন আর স্বাভাবিক কেনাবেচা বিঘ্নিত হবে অবশ্যই। 

আমি বাড়িতেই  ছিলাম, সবাই  ফোন করেই খবর নিয়েছে। আমরা ঠিকঠাক আছি কিনা।

এখন শহর নিত্যদিনের মতই কর্মমুখর।

এটাই জীবন, আমাদের চলতে হবে, ভয়ে ঘরে বসে থাকা সম্ভব নয়।

লেখক: প্রবাসী স্কুল শিক্ষক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন।  প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন।  লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!