'বিদায় রাষ্ট্রদূত শাহিদুল, শুভেচ্ছা রইলো'
লিবিয়ার রাজনৈতিক অস্থিরতার সময়ে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহিদুল হক।
রোববার লিবিয়ায় তার কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং রাষ্ট্রদূত শাহিদুল।
তার মেয়াদকালে দুই বছর চার মাসে তিনি লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে সংস্কার এবং সজ্জিতকরণে মনোনিবেশ করেন। ফলে দূতাবাসটি হয়ে ওঠে আধুনিক এবং জাঁকজমকপূর্ণ।
লিবিয়ায় দায়িত্ব পালনকালে জনসাধারণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য তিনি দূতাবাসের অফিশিয়াল ফেইসবুক পেজ এবং ওয়েবসাইট সক্রিয় রাখার পাশাপাশি ২৪ ঘণ্টা তৎপর হটলাইন সেবা দেওয়ার ব্যবস্থা করেন।
এর ফলে প্রতিনিয়ত বিপদগ্রস্ত প্রবাসীরা তাদের সুবিধা-অসুবিধার কথা জানাতে পারছেন; পরামর্শ নিতে পারছেন। এবং দূতাবাসের বিরুদ্ধে দীর্ঘদিনের সাড়া না দেওয়া কিংবা সাহায্য না করার অভিযোগের পরিমাণ ক্রমেই কমে এসেছে।
লিবিয়ায় 'বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ' ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে একটা সময় পর্যন্ত খুব ভালো অবস্থা থাকলেও, লিবিয়ার বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব থেকে মোটেও রক্ষা পায়নি স্কুলটি।
পাশাপাশি শিক্ষক সমস্যা সমাধানে তিনি দূতাবাসের কর্মকর্তাদের কয়েকজনকে অতিরিক্ত সদস্য হিসেবে নিয়োগ দেন।
এছাড়াও শিক্ষার্থীদের পাঠ-সহায়ক কার্যক্রমের জন্য বেশ কিছু আধুনিক খেলার সরঞ্জামাদিও দেন। যার কারণে টিফিন পিরিয়ডের মাঠের পরিবেশটাই পরিবর্তিত হয়ে গেছে।
তার পৃষ্ঠপোষকতায়ই এই প্রথমবারের মত স্কুল ও কলেজ থেকে একটি স্কুল ম্যাগাজিন প্রকাশ হয়। এছাড়াও স্কুল লাইব্রেরি প্রতিষ্ঠা এবং নিজস্ব জমিতে স্কুল স্থাপনসহ আরও বেশ কিছু পদক্ষেপের শুরুটা করে গেছেন রাষ্ট্রদূত শাহিদুল।
জাতীয় দিবসগুলো উদযাপন করতেও রাষ্ট্রদূত শাহিদুলের উৎসাহের কমতি ছিল না। বিশেষ করে তার স্ত্রী নিজেই উপস্থিত থেকে শিক্ষার্থীদের ট্রেইন করতেন। তাদের পরশ পেয়ে স্কুলের সাংস্কৃতিক অঙ্গণটাতেও যেন এক ভিন্ন মাত্রা যোগ হয়েছিল।
এক কথায়, প্রবাসীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজ ছাড়াও দূতাবাস এবং স্কুল ও কলেজের উন্নয়নের ক্ষেত্রে তিনি পরিবর্তনের সূচনা করে গেছেন।
প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রদূত এবং তার স্ত্রীর সরব উপস্থিতি লিবিয়ায় থাকা বাংলাদেশিরা কখনোই ভুলতে পারবেন না।
তাই তো তাদের সম্মানে লিবিয়ার বাংলাদেশ কমিউনিটি ও স্কুল কর্তৃপক্ষ যে বিদায় সংবর্ধনার আয়োজন করে তাতে ছিল হারানোর বেদনা।
যে অনুষ্ঠান থেকে প্রবাসীরা সদা হাস্যোজ্জল – কল্যাণকামী এই রাষ্ট্রদূতকে বিদায় জানানোর পাশাপাশি ভবিষ্যৎ দিনগুলোর জন্য কল্যাণ কামনা করেন।
লেখক: শিক্ষক, বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ, ত্রিপলি, লিবিয়া
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
