সিডনির ওয়াইলি পার্কে বাঙালির মিলনমেলা
অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি, বিজয়ের উদ্দীপনা ও দেশিয় সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করা হয়েছিল 'বাংলা মেলা'।
'এসো বিজয় উল্লাসে মাতি' স্লোগান নিয়ে প্রবাসীদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'আমরা বাংলাদেশী' রোববার সিডনির ওয়াইলি পার্কে ৫ম বারের মত 'বাংলা মেলা'র আয়োজন করে।
এবারের মেলা প্রাঙ্গণ দর্শক অতিথিতে ছিল কানায় কানায় পূর্ণ। শুধু অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিরাই নয়, অন্যান্য ভাষাভাষী অতিথিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
সিডনির দূর দূরান্ত ছাড়াও ক্যানবেরা, মেলবোর্ন থেকেও মেলায় দর্শকদের সমাগম ঘটে। বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে প্রবীণরাও লাল সবুজের সাজে সজ্জিত হয়ে এ মেলায় অংশ নেয়।
মেলা প্রাঙ্গণের চারদিক ঘিরে ছিল বাঙালি খাবার ও দেশিয় পোশাকের নানাবিধ স্টল। খাবারের স্টলগুলিতে ছিল নানা ধরনের মুখরোচক দেশিয় খাবার পুরি, চটপটি, ফুসকা, পিয়াজু, মোগলাই, হালিম, জিলাপি, সিঙ্গারা বিরানি, রকমারি পিঠা ও মিষ্টি।
মুখরোচক দেশিয় খাবার নিয়ে পাটি বিছিয়ে এবং দুর্বা ঘাসে বসে অনেককে খাবার খেতে দেখা যায়। আর তৈরি পোশাকের স্টলগুলিতে ছিল সালোয়ার কামিজ, জামদানি ও অন্যান্য তাঁতের শাড়ির বিপুল সমাহার। মেলায় বিভিন্ন রকমের রাইড বড় দর্শকদের যেমন গ্রাম্য নাগর দোলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে তেমনি ছোট ছোট বাচ্চাদের সারাবেলা আনন্দে মাতিয়ে রেখেছে। ওয়াইলি পার্ক যেন হয়ে উঠেছিলো, এক টুকরো সবুজ বাংলাদেশ।
যন্ত্রসংগীত ও ছোট্ট সোনামনিদের কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর কলতানের ছোট্ট বন্ধুরা বিজয় দিবসের গান, আবৃত্তি ও ছড়াগান পরিবেশন করে। পরমিতা বোস ও তার দল নৃত্য ও আবৃত্তিতে অংশ নেয়। বাংলা ড্যান্স অ্যাকাডেমির ছোট্ট শিশুরা নৃত্য, গান ও আবৃত্তি দিয়ে দর্শকশ্রোতাদের বিমোহিত করে রাখেন।
তারপর একে একে গান পরিবেশন করেন সজিব, তামান্না, লাকেম্বা বাংলা স্কুল, রাহুল হাসান। 'সৃষ্টি সুখের উল্লাসে' গানের সঙ্গে আবৃত্তির সমন্বয়ে দলীয় পরিবেশনায় ছিল রুহুল আমিন, আসিফ ইকবাল ও অন্যান্যরা।
বিকাল সাড়ে ৬টায় মুহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদের উপস্থাপনায় শুভেচ্ছা ব্ক্তব্য দেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের স্বপ্নদ্রষ্টা নাইম আবদুল্লাহ, সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন, নির্বাহী সদস্য এবং এনটিভি অস্ট্রেলিয়া প্রধান নির্বাহী রাশেদ শ্রাবণ, ভয়েস অব বাংলাদেশ রেডিওর নির্বাহী পরিচালক নার্গিস বানু।
এরপর আসিফ ইকবাল ও শাম্মীর পরিচালনায় কিশলয় কচিকাঁচা ও ঐকতানের ক্ষুদে বন্ধুরা সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এসময় দর্শকশ্রোতারা করতালি দিয়ে তাদের উৎসাহ দেন।
শিবলী আবদুল্লাহর উপস্থাপনায় 'বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট ও বিজয়ের বীরগাঁথা' নিয়ে আলোচনায় অংশ নেন- ফেডারেল এমপি টনি বার্ক, ল্যাকাম্বা আসনের স্টেট এমপি জিহাদ ডিব, সফিকটসিস এমপি, মোহাম্মদ শাহে জামান টিটু, কাউন্সিলে মাসুদ চৌধুরী, ক্যানটারবুরি সিটি কাউন্সিলের মেয়র ব্রাইয়েন রবসন এবং কাউন্সিলর কার্ল সালেহসহ অন্যান্যরা।
পাশাপাশি বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকম ও স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার। প্রত্যাশার চাইতেও বেশি সাড়া পড়ে যায় এই প্রতিযোগিতায়। অনেক শিশু কিশোর অংশ নেয় এতে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মধ্যে পুরস্কার দেন বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন, নাইম আবদুল্লাহ, মোহাম্মাদ শাহে জামান টিটু, কাউন্সিলে মাসুদ চৌধুরী ও নাসিম সামাদ।
এরপর ব্যান্ড সংগীত পরিবেশন করেন লাল সবুজ, কৃষ্টি ও মূহুর্ত। সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। রাফেল ড্র পরিচালনা করেন মুহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ।
সংগঠনের পক্ষে শিবলী আবদুল্লাহ বলেন, "আমরা চেষ্টা করেছি একটুকরো বাংলাদেশকে আমদের হৃদয়ে ধারণ করতে, নতুন প্রজন্মের মাঝে আমাদের গৌরবময় ভাষা ও মুক্তিযুদ্ধের বীরগাঁথা ও সঠিক ইতিহাস তুলে ধরতে।"
এবারের বাংলা মেলায 'আমরা বাংলাদেশী' গানে গানে ছড়িয়ে দিয়েছে বিজয়ের কথা, বাংলাদেশের মাটি ও মানুষের কথা। দল মত নির্বিশেষে সব প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সিডনি'র ওয়াইলি পার্ক পরিণত হয়েছিল বাঙালির মিলনমেলায়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
