২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে এলাম শিশুদের স্বপ্নরাজ্য ডিজনি ওয়ার্ল্ড

শীতকাল চলেই এলো।কুয়াশার চাদরে ঢাকা থাকে আটলান্টার শীতের সকাল।অনেকদিন ধরে আমার বাচ্চাদের খুব ইচ্ছে ডিজনি ওয়ার্ল্ড যাবে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিফাত নওরিন, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 06:25 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

অবশেষে লম্বা একটা স্কুলের ছুটি পেল বাচ্চারা।  ভাবলাম এইতো সুযোগ ঘুরে আসার ।

ডিজনি ওয়ার্ল্ড যাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় থিম পার্ক বলা হয় , আর বাচ্চাদের জন্য  হলো স্বপ্নরাজ্য ।  আটলান্টা থেকে প্রায় ৪৫০ মাইল দূরে ফ্লোরিডার অরলান্ডোতে অবস্থিত এই থিম পার্ক ।  ড্রাইভ করে গেলে লাগবে ৭ ঘণ্টা ।

এক শনিবারের সকালে আমাদের যাত্রা শুরু হলো ।  হাইওয়ে ৭৫ দিয়ে প্রায় ৮ ঘণ্টা ড্রাইভ করে আমরা পৌঁছালাম অরলান্ডোতে ।

পরদিন সকালে আমাদের টিকেট করে নিলাম হোটেল রিসেপশন থেকে, এরপর বাচ্চাদের নিয়ে ছুটলাম ডিজনি ওয়ার্ল্ড পানে ।

অরলান্ডোর বে-লেক ঘিরে এই ম্যাজিক কিংডমটি তৈরি হয়েছে বিখ্যাত কার্টুনিস্ট ওয়াল্ট ডিজনির প্ল্যান অনুসারে।  পুরো পার্কটি বিভক্ত ছিল ছয়টি ভিন্ন ধরনের ল্যান্ড নিয়ে - মেইন স্ট্রিট , অ্যাডভেনচার ল্যান্ড ,  ফ্রনটায়ার ল্যান্ড ,  লিবার্টি স্কয়ার ,  ফ্যান্টাসি ল্যান্ড এবং টুমোরো ল্যান্ড ।

পার্কটির মেইন এনট্রেনস থেকে সুসজ্জিত ফেরির মাধ্যমে আমরা পার্কের মূল ফটকে গিয়ে পৌঁছালাম ।  যখন আমরা মেইন স্ট্রিট দিয়ে হাঁটা শুরু করলাম ,  ভীষণ সুন্দর সাজানো দু'পাশ যেন রূপকথার রাজ্যের কথা মনে করিয়ে দেয় । ছোটছোট দোকান, থিয়েটার, উঁচু ঘোড়ার গাড়ি, কোথাও দেখা যায় রাজকন্যা, কোথাওবা মিকি -মাউসের দল । আমার বাচ্চারা তো আনন্দে আত্মহারা হয়ে গেল । 

একটু পরে 'পার্টি আপ' গানটির তালে প্যারেড শুরু হলো , ডিজনি কার্টুনের যত চরিত্র আছে সবগুলো নেচে গেয়ে সবাইকে স্বাগতম জানালো ।

মেইন স্ট্রিট ধরে সোজা গেলে পড়বে সিনড্রেলা ক্যাসল ।  ক্যাসল-এর সামনে অনেকটা সময় দাড়িয়ে স্টেজ শো দেখলাম ।  এরপর আমরা পার্কটি ঘুরে দেখা শুরু করলাম , প্রথমেই গেলাম অ্যাডভেনচার ল্যান্ড -এই  ল্যান্ডটি সাজানো হয়েছে আফ্রিকা, মিডল ইস্ট এর ঐতিহ্য অনুসারে ।  এর জাংগল ক্রুজ এবং ম্যাজিক কার্পেট অব আলাদিন রাইডগুলো ভালো লেগেছিল ।

এরপর আমরা ঘুরে দেখলাম ফ্রনটায়ার ল্যান্ড, লিবার্টি স্কয়ার ,  ফ্যান্টাসি ল্যান্ড এবং টুমোরো ল্যান্ড ।  বিগ থান্ডার মাউন্টেন, দ্য লিটল মারমেইড এবং অ্যাসট্রো অরবিটার এই রাইডগুলো বাচ্চারা খুব পছন্দ করেছিলো।

ম্যাজিক কিংডমের স্লোগান হলো - মোস্ট ম্যাজিকাল প্লেস অন আর্থ । সত্যিই যেন জাদুর রাজ্য, কিছুটা সময় পরপর যার রং- রূপ বদলায় । 

রাত ১০টা থেকে শুরু হয় উইশেস ফায়ারওয়ার্কস, পুরো পার্ক তখন অন্ধকারে ঢাকা থাকে। স্টার লাইট, স্টার ব্রাইট গানটি দিয়ে শুরু হয় এই উইশেস ফায়ারওয়ার্কস, প্রচণ্ড মুগ্ধতায় আনমনে কেউ হয়তো গেয়ে উঠে - অল আওয়ার উইশেস উইল কাম ট্রু। হঠাৎ আমার ছেলে চুপিচুপি কানের কাছে বলে - মাম্মি আমি তো অনেক উইশ করলাম, আমার উইশ-গুলো সত্যি হবে তো ।  

আমি বললাম- হবে বাবা;

মনে-মনে ভাবলাম জাদুর রাজ্যে আমার বাচ্চাগুলো কতটা মুগ্ধ হয়ে গেল, এখানের সবকিছুই তাদের কাছে যেন সত্যি মনে হচ্ছে ।

ভীষণ ভালো একটা সময় কাটলো ম্যাজিক কিংডম, ডিজনি ওয়ার্ল্ডে ।  বাচ্চারা ভীষণ মজা করেছে । খুব ভালো লেগেছে সবার উৎসাহ দেখে, ছেলে থেকে বুড়ো সবাই সেজেছিলো ভিন্ন - ভিন্ন সাজে । আসলেই এই থিম পার্কটি এমনভাবে তৈরি যা সব বয়সের মানুষের মনকে আনন্দিত করে তোলে।  

ব্যস্ততার মাঝে হোক না একটা দিন! যেদিন সব বয়সের মানুষ ফিরে যাবে তাদের ছোটবেলায়, তাদের কল্পনার রাজ্যে ।

লেখক প্রবাসী বাংলাদেশি

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,  দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!