আবুধাবিতে 'বাংলাদেশ সমিতি ইউএই'র বিজয় দিবস উদযাপন
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের একমাত্র সংগঠন 'বাংলাদেশ সমিতি ইউএই' কেন্দ্রিয় কমিটি আবুধাবিতে বাঙালির ৪৫ তম বিজয় দিবস পালন করেছে।
স্থানীয় সময় শনিবার দিবসটি উপলক্ষে বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) শহীদুজ্জামান ফারুকী।
আলোচনা সভায় বক্তব্য দেন জনতা ব্যাংক ইউএই'র মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন,অধ্যক্ষ মীর আনিসুল হাসান,সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রফিক শিকদার,
সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার,প্রকৌশলী আশিষ বড়ুয়া,নুর মোহাম্মদ,মোহাম্মদ রুহুল আমিনসহ আরও অনেকে।
সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন দল-মত-পথ নির্বিশেষে সবাইকে বাংলাদেশ সমিতির একটি অভিন্ন প্লাটফরমে এসে প্রবাসীদের কল্যাণে ভূমিকা রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আবুধাবীভিত্তিক কলকাতা প্রবাসীদের সংগঠন রসমঞ্জরি,দেশি বয়েজ মিডিয়া ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
