২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের বন্ধু লেয়ার লেভিনকে কানাডায় সংবর্ধনা

একাত্তরের মুক্তিযুদ্ধে রণাঙ্গনের সঙ্গী যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রকার লেয়ার লেভিনকে কানাডায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনিস রফিক,কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 04:49 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

কানাডা প্রবাসী বাংলাদেশি নির্মাতাদের সংগঠন ‘টরন্টো ফিল্ম ফোরাম’-এর আয়োজনে  মুক্তিযুদ্ধের ৪৫তম বার্ষিকী পালন উপলক্ষে রোববার টরন্টোর ৯ ডজ রোডের রয়েল লিজিয়ন অনার হলে এ সংবর্ধনা দেওয়া হয়।

লেয়ার লেভিন ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে একদল সাংস্কৃতিক কর্মীর সঙ্গে যুদ্ধকবলিত এলাকাগুলোতে যান এবং মুক্তিযুদ্ধকে চলচ্চিত্রে ধারণ করেন।

‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’ নামে দলের এই সদস্যরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের দেশাত্মবোধক ও সংগ্রামী গান শুনিয়ে উজ্জীবিত করতেন। এই শিল্পীদের সঙ্গে থেকে লেভিন প্রায় ২০ ঘণ্টার ফুটেজ সংগ্রহ করেন।

দিনব্যাপী বিজয় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়ে শুটিংকৃত তিনটি প্রামাণ্য চলচ্চিত্র- এস শুকদেবের ‘নাইন মান্থস টু ফ্রিডম’,জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ ও তারেক মাসুদ- ক্যাথরিন মাসুদের ‘মুক্তির গান’ চলচ্চিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছেলেমেয়েদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

লেয়ার লেভিন নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তার স্ত্রী র‍্যাকুয়েল লেভিন উপস্থিত ছিলেন।

লেভিন বলেন,“যতদিন এগুবে, পৃথিবীর বুকে তত বেশি একটি সুন্দর দেশ হিসেবে বাংলাদেশ স্থান করে নেবে।”

স্থানীয় শিল্পীদের নাচ,গান ও কবিতাসহ পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, কার্যনির্বাহী পরিষদের সদস্য সোলাইমান তালুত রবিন,সাধারণ সম্পাদক মনিস রফিক ও সহ-সভাপতি আহমেদ হোসেন।

সংবর্ধনা শেষে লেয়ার লেভিন টরন্টো ফিল্ম ফোরাম প্রকাশিত ‘লেন্স টু ফ্রিডম’ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন।