নিউ ইয়র্কে বিজয় দিবসের সমাবেশে মুক্তিযোদ্ধাদের সম্মাননা
বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ম্যানহাটান বরো ও চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের যৌথ উদ্যোগে ব্রুকলিনে গ্রিনহাউজ রেস্টুরেন্টের মিলনায়তনে এ সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাইনুল পাটোয়ারির সভাপতিত্বে ও মমিনুল হক সুমনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি মাহবুবুর রহমান।
সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন নূরনবী, এম এ বাতেন, মোজাহিদুল ইসলাম, শাহজাহান সিরাজী, তোফাজ্জল করিম, শরাফ সরকার ও কামালউদ্দিন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা নূরনবী বলেন, "পাকিস্তানপন্থিরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত। শাসন ব্যবস্থাকে বিতর্কিত করতে ওরা বিদেশিদের এজেন্ট হিসেবে কাজ করছে।
"এ অবস্থা থেকে একাত্তরের চেতনার বাংলাদেশকে রক্ষায় বজ্রকঠিন শপথ নিতে হবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের সভাপতি ইসমত হক খোকন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
