২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা উদীচীর বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 08:41 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ড্যানফোর্থের মিজান কমপ্লেক্স মিলনায়তনে বিজয় দিবস উদযাপনের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে উদীচী কানাডা শাখার পক্ষ থেকে টরন্টো প্রবাসী তিনজন বীর মুক্তিযোদ্ধা মাশুক মোহাম্মাদ, গৌরাঙ্গ দেব এবং আজিুজল হককে সম্বর্ধনা দেওয়া হয়।

যুদ্ধের স্মৃতিচারণায় সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধের পটভূমি, আদর্শ এবং গণমানুষের আকাঙ্ক্ষা সম্পর্কে বর্ণনা করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতীকী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। সংগঠনটির কানাডা শাখার সহ-সভাপতি সঙ্গীত শিল্পী নাহিদ কবীর কাকলী এবং উদীচীর নিজস্ব শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করে।

এছাড়া সংগঠনটির সদস্যরা নাচ, গান এবং কবিতা আবৃত্তি পরিবেশন করে। সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন সূচনা দাস বন্দনা এবং চয়ন দাস।

নাচে অংশ নেন উদীচীর সূচনা দাস বন্দনা, সৃজনী মল্লিক, শ্রাবন্তী চক্রবর্তী এবং শ্রেয়সী। এ অংশ পরিচালনায় ছিলেন উদীচীর বিভাগীয় সম্পাদক, নৃত্যশিল্পী ও পরিচালক তাপস দেব।

সম্মিলিত গণসঙ্গীত, একক সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে ছিলেন নাহিদ কবীর কাকলী, মুক্তি প্রসাদ, স্বপ্না দাস, প্রতিমা দাশ, সুনীতি সরদার, জুলিয়া নাসরিন, অনুপ সেনগুপ্ত, পাপড়ী গোস্বামী, সুভাষ দাস, সজীব চৌধুরী, স্নিগ্ধা চৌধুরী, রিনি শাখাওয়াত, সোলাইমান তালুত রবীন, শাহাবুদ্দিন স্বপন, হাসমত চৌধুরী জুঁই, রেজা অনিরুদ্ধ, হোসনে আরা জেমী ছাড়া আরও অনেকে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখার সভাপতি সৈয়দ আজফার ফেরদৌস এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক অনুপ সেনগুপ্ত।