প্যারিসে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা
ফ্রান্সের মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ফ্রেঞ্চ-বাংলা স্কুলের আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের হোটেল দ্যু ভিল লাকুরনভের সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখা ও ফ্রেঞ্চ-বাংলা স্কুলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া,আব্দুল মতিন,আব্দুন নূর সিকদার ও মো. ফরহাদ হোসেনকে মেডেল ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ,ফ্রান্স শাখার সভাপতি ও 'ফ্রেঞ্চ বাংলা স্কুল'-এর প্রধান উদ্যোক্তা মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া,সাধারণ সম্পাদক মো. জাফর শাহ এবং ফ্রেঞ্চ-বাংলা স্কুলের পক্ষে ফাতেমা বেগম ও হাসনাত জাহান।
মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া তার বক্তব্যে মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি নিজের দায়বদ্ধতা থেকে যুদ্ধে যোগ দেওয়ার কথা বলেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ সময় স্কুলকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য বাংলাদেশ রাষ্ট্রদূত, লাকুরনভ পৌর মেয়র, অ্যাসোসিয়েশন হেড,আঞ্চলিক প্রধানকেও সম্মাননা জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষিকা সাঈদা আক্তার ও রাণী তাহেরের উপস্থাপনায় ফ্রেঞ্চ-বাংলা স্কুলের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। এছাড়া শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করে।
প্রবাসী কবি শরীফ আহমেদ সৈকত এবং কবি নাজমা আহমেদ নিঝুম দ্বৈত কণ্ঠে সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করেন।
স্কুলের সাংস্কৃতিক শিক্ষক ইসরাত জাহান ফ্লোরার উপস্থাপনায় কণ্ঠশিল্পী সোমা দাস, সুপ্রিয়া দাস,পুস্প দাস,শিলা দাস,গৌতম দাস ও অন্যান্য শিল্পীরা দেশাত্মবোধক ও আধুনিক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্য হুমায়ন,শামীম,লিটন হাসান, 'মাটি প্রডাকশন'- এর দোলন মাহমুদ, ফটোগ্রাফার রাজু, কমিউনিটি নেতারাসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।
