সিডনিতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘সিডনি-বেঙ্গালিজ কমিউনিটি ইনক’ বিজয় দিবস উদযাপন করেছে।
স্থানীয় সময় শনিবার বিকালে ইঙ্গেলবার্ন কমিউনিটি হলে ‘এসো মেতে উঠি বিজয়ের আনন্দে’ স্লোগানে বিজয় দিবস উদযাপন করে সংগঠনটি।
বিজয় দিবসের অনুষ্ঠানসূচিতে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং শিশু-কিশোর ও সিডনির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে সাটারডে কমিউনিটি স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অফ বাংলা’র শিক্ষার্থীরা বীরশ্রেষ্ঠদের গৌরবময় জীবন নিয়ে আলোচনা করে।
রোখসানা রহমানের তত্ত্বাবধানে 'কিশলয় কচিকাঁচা' সংগঠনের সদস্যরা সমবেত সঙ্গীত,ছড়া,নাচ ও গানসহ বিজয় দিবস ভিত্তিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।
'কাম্পেলটাউন বাংলা স্কুল'-এর শিক্ষার্থীরা ছড়া,গান ও নাচ পরিবেশন করে।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ও সিডনি বেঙ্গালিজ ডটকমের সম্পাদক আবু তারিক জানান,নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মনে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘সিডনি-বাঙালি কমিউনিটি’ বহুদিন ধরে প্রবাসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা,ইতিহাস এবং দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই মূলত সংগঠনটির এ আয়োজন।
