২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিজয়ের ৪৫তম বাষির্কী উদযাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 01:37 AM

Updated : 11 Oct 2022, 09:27 PM

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় হাইকমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন।

জাতীয় পতাকা উত্তোলনের পর হাই-কমিশন ভবনের হল রুমে দিবসটির তাৎপর্যের উপর এক আলোচনা অনুষ্ঠান হয়। আলোচনার পর্বের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে অবস্থানরত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা কারো দয়ায় আসেনি, রক্তের বিনিময়ে এসেছে আমাদের এই স্বাধীনতা। আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধকালীন সময়ে কূটনৈতিক সাফল্যের কারণে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে খুব অল্প সময়ে।

হাইকমিশনার তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান।

মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত বাঙ্গালিদের অনন্য ভূমিকার কথা স্মরণ করেন।

হাইকমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অতিথি হিসেবে অন্যদের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, খালেদা কুরাইশী বক্তব্য রাখেন।

শেষে সবাইকে নিয়ে কেক কেটে মহান বিজয় দিবসের আনন্দ উদযাপন করা হয়। এরপর কন্ঠশিল্পী সাদিয়া আফরোজের কন্ঠে ‘শোন একটি মুজিবরের থেকে...' গান দিয়ে অনুষ্ঠান শেষ হয়।