ফুলবাড়িতে কয়লা উত্তোলন নিয়ে লন্ডনে বিক্ষোভ
দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রক্ষা যুক্তরাজ্য শাখা বিক্ষোভ করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার লন্ডনের হাইড পার্ক কর্নার সংলগ্ন হ্যামিলটর প্লেসের সামনে সকাল ১১টা থেকে শুরু হয়ে এ বিক্ষোভ চলে দুপুর ১টা পর্যন্ত।
যুক্তরাজ্যভিত্তিক কোল মাইনিং কোম্পানি গ্লোবাল কোল ম্যানেজমেন্টের (জিসিএম, সাবেক এশিয়া এনার্জি) বার্ষিক সাধারণ সভার বাইরে বিক্ষোভকারীরা প্লাকার্ড, ফেস্টুন নিয়ে জিসিএম বিরোধী স্লোগান দেন।
বিক্ষোভে ফুলবাড়ি সলিডারিটি কমিটি, লন্ডন মাইনিং নেটওয়ার্ক, গ্লোবাল জাস্টিস, সোস্যালিস্ট পার্টি ফর ইংল্যান্ড ও ওয়েলস এতে অংশ নেয়।
জিসিএমকে একটা অফিসসর্বস্ব প্রতারক কোম্পানি হিসেবে আখ্যায়িত করে বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশ সরকারের সাথে কোন চুক্তি ছাড়াই জিসিএম ফুলবাড়ি কয়লা প্রকল্প দেখিয়ে লন্ডনে অলটারনেটিভ শেয়ার মার্কেট থেকে অর্থ সংগ্রহ করে চলেছে। লন্ডন শেয়ার বাজার থেকে প্রথমে এশিয়া এনার্জির নামে ১৪ মিলিয়ন ও পরে নাম পাল্টে জিসিএমের নামে আরো ৩৩ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছে।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকার চুপ থেকে জিসিএমকে লন্ডন শেয়ার মার্কেটে প্রতারণায় সহায়তাই করছে ও প্রচ্ছন্নভাবে মদদ দিয়ে চলেছে।
সম্প্রাতি জিসিএম ফুলবাড়িতে কয়লা প্রকল্প বিরোধীদের নামে মামলা দায়ের করেছে। সরকারের সহযোগিতা ছাড়া এ সব সম্ভব নয় বলে বিক্ষোভকারিরা অভিযোগ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখার আহ্বায়ক মুখলিছুর রহমান, সদস্য সচিব আখতারসোবহান মাসরুর, বাসদ (মার্কসবাদী)’র মোস্তফা ফারুক, খন্দকার মিজানুর রহমান বাবলু, রহিমা খাতুন জুলি, ফুলবাড়ি সলিডারিটির রুমানা হাশেম, গোলাম রাব্বানি, রাশেদ চৌধুরী, সোস্যালিস্ট পার্টি ফর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের পিট মেসন ও স্কট জনস, ভারতের নামগিরি আন্দোলনের নেতা ফয়েল ভেডান্টের সমরেন্দ্র দাশ, মরিয়ম রোজ, জাহানারা আক্তার রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৈয়দ এনাম, লন্ডন মাইনিং নেটওয়ার্কের রিচার্ড সলি, স্যাম স্যান্ডার,রাইজিং আপের রিচার্ড পিয়ানো, জেনি শেরার, রিক্লেম দ্য পাওয়ার-এর মে ম্যাকিথ ও এন্টন জিসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
