২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের দুই কণ্ঠযোদ্ধাকে নিউ ইয়র্কে সম্মাননা

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানকে সম্মাননা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 02:01 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Image
নিউ ইয়র্কে বিজয় দিবসের আলোচনা সভায় যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এম এ বাতেন। পাশে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি রাশেদ আহমেদ ও মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু।

নিউ ইয়র্কে বিজয় দিবসের আলোচনা সভায় যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এম এ বাতেন। পাশে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি রাশেদ আহমেদ ও মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু।

যুক্তরাষ্ট্র প্রবাসী যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান খানকে বাংলাদেশে ফিরিয়ে আদালতের রায় অনুযায়ী মৃত‌্যুদণ্ড কার্যকর করার দাবি জানানো হয় যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের এ অনুষ্ঠান থেকে।

বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযাপনের শুরুতে প্রতীকী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ সহযোদ্ধাদের স্মরণ করেন মুক্তিযোদ্ধারা। এরপর প্রবাসী দুই কণ্ঠযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে বিজয় দিবসের এ আলোচনা সভার অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন, মোহসিন মিয়া বীর প্রতিক, মুক্তিযোদ্ধা রেজাউল বারী, খুরশীদ আনোয়ার বাবলু, কমান্ডার নুরন্নবী, গোলাম মুস্তফা খান মিরাজ আলোচনায় অংশ নেন।

Image
নিউ ইয়র্কে বিজয় দিবসের অনুষ্ঠানে শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানের সঙ্গে গান পরিবেশন করছেন শিল্পীরা।

নিউ ইয়র্কে বিজয় দিবসের অনুষ্ঠানে শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানের সঙ্গে গান পরিবেশন করছেন শিল্পীরা।

বক্তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশের এগিয়ে চলা ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া ভূমিকার প্রশংসা করেন। সেইসঙ্গে স্বাধীনতাবিরোধীদের ‘চলমান ষড়যন্ত্র’ নিয়ে সতর্ক থাকার অনুরোধ জানান।

পরে রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানের সঙ্গে স্থানীয় শিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করেন।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যাদের কণ্ঠ বাঙালিকে লড়াইয়ের প্রেরণা যুগিয়েছে, রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান তাদের অন‌্যতম।

ভাওয়াইয়া গানের জন্য পরিচিত রথীন্দ্রনাথ রায় ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত শিল্পী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পড়া এ কণ্ঠযোদ্ধা ১৯৯৫ সালে একুশে পদক পান।

Image
নিউ ইয়র্কে বিজয় দিবসের আয়োজনে শহীদ সহযোদ্ধাদের প্রতি প্রবাসী মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন।

নিউ ইয়র্কে বিজয় দিবসের আয়োজনে শহীদ সহযোদ্ধাদের প্রতি প্রবাসী মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন।

আর গোপালগঞ্জে জন্ম নেওয়া শিল্পী শহীদ হাসান ১৯৬৮ সালে টেলিভিশন ও রেডিওতে গান শুরু করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত হন।

তারা দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।