২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় বাংলাদেশিদের স্কুলে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের একটি স্কুলে যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবুল বাশার বুলবুল, সৌদি আরবের জেদ্দা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 06:49 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

স্থানীয় সময় বুধবার সকালে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ওই স্মরণসভার আয়োজন করে।   

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদ চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, সদস্য ইয়াহিয়া চৌধুরী, অধ্যক্ষ আবদুল বাকী, উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ূমসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন এবং পরে তা অর্ধনমিত করা হয়।

স্মরণসভার আলোচনায় চেয়াম্যান কাজী নেয়ামুল বশির বলেন, "বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী তথা নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের চেতনায় বেড়ে উঠতে হবে।

"স্বাধীনতা যুদ্ধের পটভূমি, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন নিয়ে জানার জন্য ইতিহাস পড়তে হবে। এছাড়া অগ্রজদের সাথে ছাত্র-ছাত্রীদের আলোচনাও করতে হবে।"

বক্তব্যে নেয়ামুল বশির স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যক্ষ আবদুল বাকী বলেন, "স্বাধীনতা যুদ্ধের বিজয়ের উষালগ্নে হানাদার বাহিনী ও তাদের দোষররা জাতির মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে, যা জাতির জন্যে অপূরণীয় ক্ষতি।

"আজকের ছাত্র-ছাত্রী আগামী দিনে দেশের কর্ণধার, তাই তাদেরকে অবশ্যই মেধাবী হিসেবে গড়ে উঠতে হবে এবং তারা দেশ পরিচালনায় সাহসী ভূমিকা পালন করবে।"

তিনি জানান, ইংরেজি মাধ্যমে পড়ানো হলেও ছাত্রছাত্রীদের দেশের ইতিহাস-ঐতিহ্য বিষয়ে জ্ঞান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাদের স্কুলে জাতীয় দিবসগুলো মর্যাদার সঙ্গে পালন করা হয়।  

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের শিক্ষক কায়কোবাদের পরিচালনায় শাহাদৎ বরণকারী বুদ্ধিজীবী এবং সকল শহীদগণের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মহিউর রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,  দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!