বিজয় দিবস বরণের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৫তম বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বিজয় দিবসের দিনটিতে নিউ ইয়র্কে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রবাসের মুক্তিযোদ্ধারা।
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ম্যানহাটান, ওজোনপার্ক ও চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে ব্রুকলিনের গ্রিনহাউজ পার্টি সেন্টারে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী।
তিনি বলেন, "বিজয় দিবস উপলক্ষে বেশ কয়টি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তবে কেবল ব্রুকলিনের এ অনুষ্ঠানেই মুক্তিযোদ্ধাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। মুক্তিযোদ্ধারাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।"
নূরনবী বলেন, "অনুষ্ঠানে অংশ নেওয়া সব মুক্তিযোদ্ধাকে সর্বসাধারণের পক্ষ থেকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হবে।"
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সর্বস্তরের কর্মকর্তারাও এ অনুষ্ঠানে অংশ নেবেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সম্মিলিতভাবে আরেকটি অনুষ্ঠান আয়োজন করেছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ।
এ অনুষ্ঠানে প্রতীকীভাবে জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করে শ্রদ্ধাঞ্জলি প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধা ও প্রবাসী বাংলাদেশিদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কথা রয়েছে। এতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের স্মৃতিচারণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
নিউ ইয়র্কে বাংলাদেশ মিশন এবং কন্সুলেটেও বিজয় দিবস উপলক্ষে আলাদাভাবে দুইটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।
এছাড়া ফ্লোরিডা, জর্জিয়া, নিউজার্সি, পেনসিলভেনিয়া, বস্টন, লসএঞ্জেলেস, টেক্সাস, কানেকটিকাট, মিশিগান, শিকাগোতে ভিন্ন ভিন্ন উদ্যোগে বিজয় দিবস উদযাপনের বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনে বিজয় দিবসের সমাবেশ হওয়ার কথা রয়েছে বলে দূতাবাস সূত্র জানিয়েছে।
মিশন, দূতাবাস এবং কন্সুলেটের কর্মসূচিতে ভিনদেশি কূটনীতিক ছাড়াও একাত্তরে মুক্তিযুদ্ধের সমর্থনে কাজ করা সবাইকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
