পর্তুগালে বিএনপি'র সম্মেলনে আ.লীগ প্রতিনিধি দল
বিএনপি'র পর্তুগাল শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার অনুষ্ঠানে আওয়ামী লীগের তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছে।
রোববার লিসবনের মাতৃমনিজের কাজা দো কবিলা মিলনায়তনে পর্তুগাল বিএনপি'র এ অভিষেক অনুষ্ঠানে পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ মোমেন ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
পর্তুগাল বিএনপি'র সভাপতি অলিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিন উদ্দীনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ মোমেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের পর্তুগাল শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ রাকিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়।
তবে আওয়ামী লীগ প্রতিনিধি দলের উপস্থিতির কারণে অনুষ্ঠানের এক পর্যায়ে 'সেভ বাংলাদেশ পর্তুগাল', 'ইসলামিক ফোরাম ইউরোপ, পর্তুগাল', লিসবন ইন্টারন্যাশনাল বাংলা স্কুলসহ কমিউনিটির বিশেষ প্রতিনিধি দলের একাংশের অতিথিরা শুভেচ্ছা বক্তব্য ছাড়াই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এছাড়া কমিটিতে নতুন মুখ লিটন কাদেরীকে সাংগঠনিক সম্পাদক, তরুণ ব্যবসায়ী সুমন আহমেদ সিনিয়র সাংগঠনিক সম্পাদক, অলি আহমেদ সানি দপ্তর সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেতা আব্দুল ওয়াহিদ চৌধুরী প্রচার সম্পাদক হিসেবে কমিটিতে রাখা হয়েছে।
অনুষ্ঠান শেষে নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন নতুন কমিটির সভাপতি অলিউর রহমান চৌধুরী।
