লিবিয়ায় বাংলাদেশি স্কুল শিক্ষার্থীদের ম্যাগাজিন প্রকাশ
লিবিয়ার ত্রিপলিতে ‘বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ’র শিক্ষার্থীদের 'বার্ষিক প্রকাশনা-২০১৬' প্রকাশিত হয়েছে।
শুক্রবার সাময়িকীটির মোড়ক উন্মোচন করেন স্কুলের প্রধান পৃষ্ঠপোষক এবং লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহিদুল হক।
প্রথমবারের মত প্রকাশিত এই ম্যাগাজিনের সম্পাদনা করেন স্কুল ও কলেজের শিক্ষক সাইফুল ইসলাম টিপু, সহযোগী সম্পাদক মোজাম্মেল হোসেন ত্বোহা এবং সহকারী সম্পাদক শায়মা জাহান তিথি।
এছাড়াও চিত্রাঙ্কনে ছিলেন শিক্ষার্থী সোয়াদ খান। ম্যাগাজিনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিহাব উদ্দীন।
মোড়ক উন্মোচনের পর রাষ্ট্রদূত ম্যাগাজিনটির উদ্যোক্তা এবং সম্পাদকীয় কমিটির সদস্যদের হাতে সৌজন্য সংখ্যা তুলে দেন। পরে তিনি স্টল থেকে এক কপি ক্রয় করে ম্যাগাজিনটি সর্বসাধারণের কাছে বিক্রয়ের জন্য উন্মুক্ত করেন।
