২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজের কাছে প্রবাসী হিন্দুদের বিক্ষোভ

বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী হিন্দুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 06:05 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

স্থানীয় সময় রোববার ওয়াশিংটন ডিসি'তে হোয়াইট হাউজের পাশে লাফায়েত পার্কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি পুনর্প্রতিষ্ঠায় হোয়াইট হাউজসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে একটি স্মারকলিপি হোয়াইট হাউজে জমা দেওয়া হয়।

সমাবেশে বাংলাদেশ কেন্দ্রিয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদে'র উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য  শিতাংশু গুহ সংখ্যালঘু নির্যাতনের নিন্দা করে বলেন, "গত সাত বছরে সংখ্যালঘুদের ওপর অত্যাচার যে কোন আমলের থেকে কম নয়।"

এ সময় সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

'বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদে'র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি নবেন্দু বিকাশ দত্ত সংখ্যালঘু নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন 'হিন্দু আমেরিকান ফাউন্ডেশনে'র ডিরেক্টর জে কানাসারা, 'বিশ্ব হিন্দ পরিষদে'র উৎসব ব্যানার্জি, 'ইন্ডিয়া কজ'-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রমেশ গট্টী, 'হরেকৃষ্ণ ফাউন্ডেশন'র সভাপতি রমেশ জয়পাল, 'জাস্টিস ফর হিন্দুজ'র সভাপতি ভিনসেন্ট ব্রুনো, নিউ জার্সি কম্যুনিটির অরুনা পাল, মেরিল্যান্ড হিন্দু কম্যুনিটি নেতা সত্য বোস, 'নীলাচল ডিসি'র সভাপতি প্রানেশ হালদার।

এছাড়া ভাজির্নিয়া হিন্দু কম্যুনিটি নেতা দেবপ্রিয় দত্ত, কানেকটিকাট হিন্দু কম্যুনিটি নেতা বিশ্বজিত চৌধুরী, নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের মিনু সরকার, জ্যাকসন হাইটসের চম্পা সরকার, 'বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে'র প্রাক্তন সভাপতি শ্যামল কর, সামু রুদ্র, হিন্দু অ্যাক্টিভিস্ট রবীন্দ্র ঘোষ, 'বাংলাদেশ পূজা সমিতি'র সভাপতি অমিত ঘোষ, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র সভাপতি বিষু গোপ, 'সম্মিলিত পূজা পুনর্মিলনী'র যুগ্ম আহ্বায়ক ভজন সরকার ও আহ্বায়ক নিমর্ল পালও সমাবেশে বক্তব্য দেন।