ভার্জিনিয়া স্বেচ্ছাসেবক লীগ নেতাদের পদত্যাগ
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নেতাদের প্রতি 'স্বেচ্ছাচারিতা'র অভিযোগ তুলে ওয়াশিংটনের পর এবার ভার্জিনিয়া স্টেটের স্বেচ্ছাসেবক লীগ নেতারা পদত্যাগ করেছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পদত্যাগের পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ওয়াশিংটনভিত্তিক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গঠনের আহ্বান জানিয়েছেন তারা।
দল থেকে পদত্যাগ এবং দল বিলুপ্ত করে ভার্জিনিয়া স্টেটের পদত্যাগী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল মনসুর খান বলেন, "যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আর যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন হয় তারা জ্ঞান পাপী না হয় রাজনৈতিক দেউলিয়া।"
"আর তাই সময় এসেছে এসব আগাছা মুক্ত করে ওয়াশিংটনভিত্তিক ইউএস স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।"
দুইদিন আগে মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউএস স্বেচ্ছাসেবক লীগের সদ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান এবং মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন ইউএস স্বেচ্ছাসেবক লীগের নেতাদের 'রাজনৈতিক স্বেচ্ছাচারিতা'র অভিযোগ তুলে পদত্যাগ করেন।
"জননেত্রী শেখ হাসিনার ওয়াশিংটনে আসার পরও তাদের সাথে বারবার যোগাযোগ করেও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে না পারাটা এর উদাহরণ।"
তিনি অভিযোগ করে বলেন, "পাশাপাশি স্থানীয় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের তথাকথিত এক নেতা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সভাপতির সাথে অশোভন ও অসভ্য আচরণ করলেও ইউএস স্বেচ্ছাসেবক লীগ নিরব ভূমিকা পালন করে এক কলঙ্কময় ইতিহাসের জন্ম দিয়েছে।"
তিনি বলেন, "আমরা লেজুড়বৃত্তির রাজনীতি করি না। আমাদেরকে অন্ধকারে রেখে নিজের খেয়াল-খুশি মত কমিটি গঠন বা বিলুপ্ত ঘোষণা তাদের স্বভাবে পরিণত হয়েছে।"
সংবাদ সম্মেলনে ভার্জিনিয়া স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা একযোগে পদত্যাগ করেন। সেই সাথে ভার্জিনিয়া স্বেচ্ছাসেবক লীগ বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রিয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
