২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস’ পালিত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস’ পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 03:52 PM

Updated : 11 Oct 2022, 09:25 PM

স্থানীয় সময় শুক্রবার রাতে ‘জেনোসাইড-৭১ ফাউন্ডেশনে’র উদ্যোগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টার মিলনায়তনে দিবসটি পালিত হয়।

দ্বিতীয়বারের মতো সারাবিশ্বে দিবসটি পালিত হয়েছে।গণহত্যা কবলিত বিভিন্ন দেশের দাবি,বিশ্বের বিভিন্ন দেশের গণহত্যার বীভৎসতা ও গণহত্যায় নিহতদের স্মরণ,মর্যাদা দান এবং হিউম্যান রাইটস কাউন্সিলের সুপারিশে গত বছরের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ এ দিনকে ‘গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

জাতিসংঘ ঘোষিত এ কর্মসূচির আলোকেই যুক্তরাষ্ট্র প্রবাসীরা দ্বিতীয়বারের মতো দিবসটি পালন করেছেন।

একাত্তরের ২৫ মার্চ বাংলাদেশে পাকিস্তানী সেনাবাহিনীর বীভৎসতাকেও ‘আন্তর্জাতিক গণহত্যা’র স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে ‘জেনোসাইড-৭১ ফাউন্ডেশন’।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস এবং আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো.আরিফুল ইসলাম,ফার্স্ট সেক্রেটারি (প্রেস)নূর ইলাহি মিনা,নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল শামীম আহসান,একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামালউদ্দিন হোসেন,যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা খান মিরাজসহ আরও অনেকে।

এ সময় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বাংলাদেশে একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানীদের বর্বরতার শিকার ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জামাত-শিবির  নিষিদ্ধ এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়াসহ ১০ দফা অঙ্গিকার উপস্থাপন করা হয়।