২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে শিল্পী চঞ্চল খানের একক সঙ্গীতানুষ্ঠান

আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে শিল্পী চঞ্চল খানের একক সঙ্গীতানুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, আবুধাবি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 06:56 PM

Updated : 11 Oct 2022, 09:25 PM

স্থানীয় সময় শনিবার রাতে এ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেন আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।

শিল্পীকে গিটারে সেলিম চৌধুরী আর তবলায় সঙ্গত দেন সানি মজুমদার।

শিল্পী চঞ্চল খান তিন দশক ধরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন শিল্পী। তিনি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পাশাপাশি এ সঙ্গীতের ওপর প্রশিক্ষণ দিচ্ছেন এবং তা নিয়ে গবেষণা করছেন। যুক্তরাষ্ট্র,অস্ট্রেলিয়া ও নেপালে তার সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

এর আগে শিল্পী ছায়ানট থেকে সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছিলেন। আশির দশকে 'রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদে'র একজন অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী চঞ্চল খান।

২০১০ সালে ভারত বাংলাদেশের যৌথ প্রয়াসে 'বাল্মিকী প্রতিভা' এবং ২০১১ সালে 'বাংলাদেশে রবীন্দ্রনাথ' এবং 'টাইমলেস গীতাঞ্জলী' নামে ডকুমেন্টারি পরিচালনা করেন।

তার ছয়টি একক গানের অ্যালবাম, দু'টি ডুয়েটসহ আরও বেশ কয়েকটি অ্যালবাম রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি পাবলিক পলিসির ওপর পিএইচডি করেছেন।

কবি জীবনানন্দের দাসের "আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে, এই  বাংলায়..." কবিতাকে গানের রূপ দিয়ে বিভিন্ন সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই শিল্পী।

শিল্পী চঞ্চল খানের সঙ্গীতানুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- আবুধাবির শেখ যায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুল হক খোন্দকার ও মেহরাজ জাহান, দূতাবাসের শ্রম কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী, কম্যুনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল, জাকিয়া হাসানাত ইমরান সহ আরও অনেকে।