২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি প্রকৌশলীর অ্যাওয়ার্ড প্রাপ্তি

‘অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ (এসাল) এর নবম বার্ষিক সম্মেলন উপলক্ষে দুই বাংলাদেশি প্রকৌশলীকে  অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 03:40 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

রোববার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে অবদানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের চাকরি পাইয়ে দিতে সহায়তাকারি আজিজ আহমেদ ও আবু হানিফকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

আজিজ আহমেদ মাল্টিমিডিয়া ভিত্তিক অ্যাপ্লিকেশন্স ভনএয়ার ইনকের প্রতিষ্ঠাতা প্রকৌশলী। এই প্রতিষ্ঠানটি ডিজিটাল বাংলাদেশ গড়ার চলমান কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারিদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেয়।

অন্যদিকে আবু হানিফ ‘পিপল এন টেক ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি’র প্রতিষ্ঠাতা প্রকৌশলী।তার প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে আসা শিক্ষিত প্রবাসীদের ট্যাক্সি ড্রাইভিং,রেস্টুরেন্ট কর্মচারি, নির্মাণ শ্রমিক অথবা দোকানের সেলসম্যান হিসেবে চাকরির পরিবর্তে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে চাকরির উপযোগী প্রশিক্ষণ দেয়। প্রতিষ্ঠানটি গত ১২ বছরে প্রায় ৫ হাজার প্রবাসীকে সেবা দিয়েছে।

Image
প্রকৌশলী আজিজ আহমেদকে এসালের অ্যাওয়ার্ড দিচ্ছেন মাফ মিসবাহ।

প্রকৌশলী আজিজ আহমেদকে এসালের অ্যাওয়ার্ড দিচ্ছেন মাফ মিসবাহ।

Image
এসালের সম্মেলনে অংশ গ্রহণকারীর একাংশ।

এসালের সম্মেলনে অংশ গ্রহণকারীর একাংশ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত দু’জনকে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের সম্মাননাপত্র তুলে দেন এসালের প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন।

‘সাউথ এশিয়ান লেবার অ্যান্ড কম্যুনিটি-স্যাম ক্যোজ,ওয়ান ফোর্স’ স্লোগানে অনুষ্ঠিত এই সম্মেলনে মূল বক্তা ছিলেন নিউ ইয়র্ক নগর হিসাবাধ্যক্ষ স্কট স্ট্রিঙ্গার।

বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন নিউ ইয়র্ক স্টেট কম্পট্রোলার থমাস ডি নেপলি, লেটিসা জেমস, ম্যানহাটান বরো প্রেসিডেন্ট গেইল এ ব্রিউয়ার, ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক এল এডামস, নিউ ইয়র্ক স্টেট সিনেটর জেমস সোন্ডার্স, স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড আই ওয়েপ্রিন, ‘আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটি’র চেয়ারম্যান রাব্বি আলম, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার পিপল-এর নিউ ইয়র্ক চ্যাপ্টারের প্রেসিডেন্ট এন্থনি হারমন, নিউ জার্সির প্রসপেক্ট পার্ক বরোর মেয়র মোহাম্মদ টি খায়রোল্লাহ ও রশীদ মালিক।

সম্মেলনে অন্যদের মধ্যে ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার,নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান,জর্জিয়া কম্যুনিটি নেতা আলী হোসেন ও নাজমুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।