লন্ডনে সিএফওবির দশকপূর্তি
যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির বাংলাদেশি সমর্থকদের সংগঠন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি) দশ পেরিয়ে ১১ বছরে পা দিয়েছে।
সোমবার এ উপলক্ষে লন্ডনের একটি হোটেলে গালা ডিনারের আয়োজন করা হয়।
এতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন, সিএফওবি’র প্রেসিডেন্ট এ্যান মেইন এমপি, পার্টির চেয়ারম্যান প্যাট্রিক ম্যাকলাফলিন এমপি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্রেটারি প্রীতি প্যাটেল, সাবেক মন্ত্রী নিকি মরগানসহ কনজারভেটিভ পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২০০৬ সালে মাত্র পাঁচ সমর্থক নিয়ে সিএফওবি যাত্রা শুরু করে। পরে এতে বাঙালি অধ্যুষিত বিভিন্ন এলাকার কনজারভেটিভ এমপিরা যুক্ত হন।
ডিনারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাঙালি ভোটারদের উদ্বুদ্ধ করে পরবর্তী নির্বাচনে ১৫টি আসনে জয়ী হওয়ার আশাবাদ জানান ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের চেয়ার এ্যান মেইন।
তিনি বলেন, “পার্টি হিসাবে আমরা সত্যিকারভাবে এই কমিউনিটিকে বুঝতে পারিনি; এখন এই কমিউনিটির সাথে সম্পৃক্ততা বেড়েছে এবং এখন থেকে তা আরও বাড়তেই থাকবে।”
অনুষ্ঠানে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী টেরিজা মের শুভেচ্ছা বার্তা শোনানো হয়।
মে বলেন, “ব্রিটিশ বাংলাদেশিরা ব্রিটেনের সংস্কৃতি, সমাজ ও অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করে বিশেষ ভূমিকা রাখছেন। বিগত দশ বছর ধরে ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ’ সংগঠনটি পার্টি ও কমিউনিটির মধ্যে যোগসূত্র স্থাপনে কাজ করছে।”
পার্টিতে বাংলাদেশিদের সম্পৃক্ত করতে তিনি সিএফওবিকে ধন্যবাদ জানান।
দশক পূর্তির এ অনুষ্ঠানে প্রীতি প্যাটেল বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের দেওয়া বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “ব্রিটেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী। গত এক বছরে আমরা প্রায় দেড় বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছি; আগামী বছর এ সহায়তা আরও বৃদ্ধি পাবে।”
“বাংলাদেশ একটি চমৎকার দেশ, এর মানুষ আরও বেশি চমৎকার ও অতিথি বৎসল। আমি এর থেকে অনেক শিখেছি।”
চেয়ারম্যান প্যাট্রিক ম্যাকলাফলিন কনজারভেটিভ পার্টি থেকে ভবিষ্যতে বাঙালি এমপি হবে বলে আশা প্রকাশ করেন। এসময় তিনি ব্রিটিশ বাংলাদেশিদের কনজারভেটিভ পার্টির রাজনীতির সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান।
বিশিষ্ট ব্যবসায়ী ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের নেতা বজলুর রশীদ এমবিই, মুকিম আহমদ, আব্দুস হামিদ ও মেহফুজ আহমদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।
দশকপূর্তির এ গালা ডিনারে কাউন্সিলারসহ পার্টির বাঙালি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্টির বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য সমর্থকদের সম্মাননা দেয়া হয়। বাংলাদেশে সিএফওবির ‘প্রজেক্ট শাপলা’র জন্যে সংগ্রহ করা হয় ২৭০০ পাউন্ড।
