রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ কামনা করে বাংলাদেশে আশ্রয় নেওয়াদের মানবাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন।
রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে রোহিঙ্গাদের জন্যে 'স্বাধীন আবাসভূমি'র দাবিও জানানো হয়।
বরিশাল বিভাগীয় সমিতি, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাধারণ প্রবাসীরা অংশ নেন।
এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে নিন্দাসূচক পোস্টার-প্লাকার্ড।
মানববন্ধন শেষে এক সমাবেশে নির্বিচারে রোহিঙ্গা হত্যাকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের রহস্যজনক নিরবতার কঠোর সমালোচনা করেন বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি এ এইচ এম লুৎফর রহমান লাতু।
ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন ইউসুফ বলেন, "মানবতার জন্যে অনেকের মায়াকান্না দেখেছি। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে সকলেই রহস্যজনক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।"
তিনি বলেন,"বাংলাদেশ সরকারের উচিত হবে প্রাণ বাঁচাতে চলে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া।"
বক্তারা সারাবিশ্বের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলকে সোচ্চার হবার আহ্বান জানান।
আলোচনায় আরো নেন মাহবুবুর রহমান, আবু তালেব খান, মাসুদ রানা, জহির মাস্টার প্রমুখ।
এছাড়া মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বেশ ক'টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে প্রচারণা চালানো হচ্ছে।
