মালয়েশিয়ায় বাংলাদেশির গলাকাটা লাশ উদ্ধার
মালয়েশিয়ার সেরেম্বান জেলার নিলাই শহরে এক প্রবাসী বাংলাদেশির গলাকাটা লাশ উদ্ধার করেছে নিলাই পুলিশ।
শুক্রবার মালয়েশিয়ান ইংরেজি পত্রিকা এনএসটি (নিউ স্ট্রেইটস টাইমস অনলাইন) নিলাই পুলিশ সুপারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।
নিহত ব্যক্তির নাম বিলাল হোসেন। তার বয়স আনুমানিক ত্রিশ উল্লেখ করা হয়েছে খবরে।
বিলাল হোসেনের বাড়ি বাংলাদেশের কোন জেলায় জানা যায়নি। তার লাশ তুয়াংকু জাফর হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নিলাই জেলা পুলিশের প্রধান কর্মকর্তা জালদিনো জালুদিন বলেন, "নিহতের গলায় ছুরির কাটা দাগ রয়েছে। এটি হত্যা বলে মামলা নথিভুক্ত করা হয়েছে।
"লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।"
নিলাই এর চেমপাকা পুরি ফ্লাটের একটি ইউনিট থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিলালের লাশ উদ্ধার করে পুলিশ।
জালদিনো আরও বলেন, "নিহত বিলাল হোসেন কোন চাকরিতে ছিলেন না বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি একই ফ্লাটে আরেকজন রুমমেট নিয়ে থাকতেন।"
বিলাল নিহত হওয়ার পর থেকে রুমমেট উধাও বলে পুলিশ জানিয়েছে।
নিলাই জেলা পুলিশ ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করে। মামলার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।
