পারিবারিক নির্যাতন বন্ধে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দূত
পারিবারিক নির্যাতন বন্ধের সপক্ষে সচেতনতা বাড়ানোর দিন 'হোয়াইট রিবন ডে' পালনের জন্য অস্ট্রেলিয়ায় এবার দূত হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী এক বাংলাদেশি।
স্থানীয় সময় বৃহস্পতিবার সিডনিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার কর্মকর্তা পিটারসন ওপিও প্রবাসী বাংলাদেশি আবুল কালাম আজাদকে 'হোয়াইট রিবন অস্ট্রেলিয়া'র দূত হিসেবে নিয়োগ দেন।
সংবাদ সম্মেলনে আজাদের হাতে গ্রাজুয়েশন সার্টিফিকেট এবং কোর্ট পিন পড়িয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে, আজাদই প্রথম এ কৃতিত্ব অর্জন করেন।
দূতিয়ালির দায়িত্ব পাওয়া আবুল কালাম আজাদ পেশায় একজন স্বাস্থ্যকর্মী। নানা ধরনের সচেতনতামূলক কাজের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পারিবারিক নির্যাতন বন্ধে আরও বৃহৎ পরিসরে কাজ করার কথা জানান আজাদ।
অনুষ্ঠানে বাংলাদেশসহ মোট চারটি কমিউনিটি থেকে মোট ২০ জন পুরুষ পরামর্শক এবং চারজন দূত নিয়োগের ঘোষণা দেয়া হয়। নিয়োগ পাওয়া তিন বাংলাদেশি পরামর্শক হলেন- সাইফুল ইসলাম শরীফ, মনজুর আহমদ খান এবং আ ম ফ মারুফ।
