২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশকপূর্তি অনুষ্ঠান করছে কনজারভেটিভ পার্টির বাংলাদেশি সমর্থকরা

যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সমর্থক বাংলাদেশিদের সংগঠন 'কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ' (সিএফওবি) জাঁকজমকপূর্ণ দশক পূর্তির অনুষ্ঠান পালনের উদ্যোগ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 09:08 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে সিএফওবি'র চেয়ারম্যান মেহফুজ আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, "সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজসহ আগামী ৫ ডিসেম্বর দশকপূর্তি অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।"

তিনি জানান, লন্ডনের কপথর্ন তারা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া ওই অনুষ্ঠানে ১৬ জন এমপি, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান প্যাট্রিক ম্যাকলাফলিনসহ এবং পুরো যুক্তরাজ্য থেকে পার্টির বাংলাদেশি বংশোদ্ভুত কনজারভেটিভ পার্টির শীর্ষস্থানীয় কয়েকশ' নেতা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কনজারভেটিভ দলীয় এমপি এবং সিএফওবি'র ভাইস চেয়ার ডেভিড ম্যাকিন্টোশ, ডেপুটি চেয়ার আব্দুস হামিদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মুকিম আহমদ, বজলুর রশীদ, এনামুল হক চৌধুরী এবং মিনা রহমান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ইতোমধ্যে সিএফওবি'র দশকপূর্তি অভিনন্দন জানিয়ে এক বার্তা দিয়েছেন।

ওই শুভেচ্ছা বার্তায় টেরিজা মে বলেন, "ব্রিটিশ বাংলাদেশিরা ব্রিটেনের সংস্কৃতি, সমাজ ও অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করে বিশেষ ভূমিকা রাখছেন। বিগত দশ বছর ধরে 'কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ' সংগঠনটি পার্টি ও কমিউনিটির মধ্যে যোগসূত্র স্থাপনে কাজ করছে।"

পার্টিতে বাংলাদেশিদের সম্পৃক্ত করতে তিনি সিএফওবি'কে ধন্যবাদ জানান।

সিএফওবি'র চেয়ারম্যান মেহফুজ আহমদ বলেন, "কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী এবং কনজারভেটিভ দলীয় রাজনীতিবিদ মিলে ১০ বছর আগে সংগঠনের যাত্রা শুরু হয়। মাত্র চারজন থেকে শুরু হওয়া এই সংগঠনটির এখন চারশ'রও বেশি সদস্য রয়েছে।"