নিউ ইয়র্কে বাংলাদেশি নারীর বুদ্ধিমত্তায় ঠেকলো ডাকাতি
বাংলাদেশি এক নারী বিক্রয়কর্মীর বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি গহনার দোকান ডাকাতির হাত থেকে রক্ষা পেয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিটের 'কোনাল জুয়েলারি' নামের ওই দোকানটি বন্ধের ঠিক আগ মুহূর্তে সশস্ত্র ডাকাতরা হামলা করে বলে পুলিশ জানিয়েছে।
দোকান মালিক ভারতীয় মালিক কোনাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতরা স্টোরে ঢুকেই নগদ যা আছে দিয়ে দিতে বলে। একই সাথে স্বর্ণের যত 'বার' আছে সবগুলোও চায়।
"সে সময় দুই 'সেলসগার্ল' স্টোর বন্ধ করছিলেন এবং ভেতরের অফিসে বসে আমি সবকিছু পরখ করে দেখছিলাম। বাংলাদেশি মেয়েটি ডাকাতের হুঙ্কারে ভয় পাওয়া সত্ত্বেও বুদ্ধিমত্তার সঙ্গে 'সাইরেন অ্যালার্ম' বাজিয়ে দেয়।"
তবে পুলিশ জানিয়েছে, বিপদ আঁচ করে ডাকাত দলের বাইরে থাকা সহযোগিরা ভেতরে থাকা তাদের সঙ্গীদের ইশারা করে। পরে পুলিশ পৌঁছানোর কয়েক মিনিট আগেই ডাকাত দল দ্রুত স্থান ত্যাগ করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন ডাকাত বাইরে ছিল। দোকানের ভেতরে ঢুকে দু’জন। সবাইকেই 'কৃষ্ণাঙ্গ' মনে হয়েছে। বৃষ্টি থাকায় তাদের চেহারা ঠিকমত দেখা সম্ভব হয়নি।
তারা জানান, ঘটনার সময় অঝোর ধারায় বৃষ্টি ঝরলেও আশপাশে শতশত বাংলাদেশি এবং ভারতীয়দের আনাগোনা ছিল।
পুলিশের যুদ্ধংদেহী অবস্থান এবং আশপাশের সব রাস্তা বন্ধ করে দিলে জ্যাকসন হাইটসে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে।
ডাকাতদলের মালিকসহ দোকান কর্মচারিদের 'জিম্মি' করার গুজবে ওই এলাকায় কর্মরত বাংলাদেশিদের স্বজনরা উদ্বিগ্ন হয়ে আশপাশে অবস্থান নেন।
বৃষ্টির মধ্যে ঘণ্টা দেড়েক শ্বাসরুদ্ধ পরিবেশে তাদের সবাইকে অপেক্ষা করতে দেখা যায়। এ সময় শতশত পুলিশ নানা অস্ত্রে সজ্জিত হয়ে ওই এলাকায় তৎপরতা চালায়।
ঘটনার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশি তৎপরতা আরও বাড়াতে হবে। কারণ, জ্যাকসন হাইটস হচ্ছে বহু ব্যবসা প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র।"
জ্যাকসন হাইটসের সবচেয়ে পুরনো বাংলাদেশি ব্যবসায়ীদের একজন এবং মান্নান সুপার মার্কেটের মালিক সাঈদ মান্নান উদ্বেগের সাথে বলেন, "গোপন সাইরেনে জানামাত্রই পুলিশ অকুস্থলে আসায় বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেলো জুয়েলারি স্টোরটি।
"এজন্যে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। একইসাথে জ্যাকসন হাইটস এলাকায় টহল পুলিশের সংখ্যা বাড়ানোর আবেদনও রাখছি।"
জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিটের সব কয়টি স্বর্ণের দোকানই ভারতীয়দের হলেও কর্মচারিদের শতকরা ৯৯ ভাগই হলেন বাংলাদেশি নারী।
এছাড়া এর আশেপাশের স্ট্রিটের প্রায় সবগুলো গ্রোসারি, রেস্টুরেন্ট, সুপারমার্কেট এবং ক্যান্ডি স্টোরের মালিকরা বাংলাদেশি।
হাজারেরও বেশি বাংলাদেশি এসব প্রতিষ্ঠানে কাজ করেন।
