'নাফ নদীর দু'কূলে শান্তিতে দুই নোবেল, কিন্তু...'
স্পেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন 'সাংবাদিক ফোরাম' আয়োজিত ‘গণতন্ত্র: বৈশ্বিক, আঞ্চলিক ও বাংলাদেশ’ শিরোনামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদে কাইয়্যে আভে মারিয়ার একটি রেস্তোরাঁয় এই বৈঠক হয়।
সাংবাদিক মিনহাজুল আলম মামুনের সঞ্চালনায় বৈঠকে মাদ্রিদের বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও লেখক শান্তনু মজুমদার।
তিনি বলেন, "পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতেও গণতন্ত্র পূর্ণভাবে লালিত হচ্ছে না। ইউরোপ আমেরিকার দেশগুলোও যারা গণতন্ত্রের বুলি আওড়ায়, তারাও পুরোপুরি গনতান্ত্রিক নয়। গণতন্ত্র পূর্ণতা পেতে হলে মরাল্যিটি প্রয়োজন।"
বাংলাদেশের যেকোন রাজনৈতিক সমস্যার উদ্ভব হলে তার সমাধান রাজনৈতিকভাবেই করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন প্রসঙ্গে শান্তনু মজুমদার বলেন, "নাফ নদীর দু'কূলে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত দু'জন থাকলেও রোহিঙ্গা প্রসঙ্গে তাদের কোন মাথাব্যথা নেই। মিয়ানমারের পাশাপাশি আশপাশের দেশগুলোরও মানবিক দিক বিবেচনা করা উচিত। "
বাংলাদেশের গণতন্ত্র পরিবারভিত্তিক রাজনীতির কাছে বন্দী কি না, জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় প্রদান ইত্যাদি প্রসঙ্গ নিয়ে প্রবাসীরা নিজস্ব মত প্রকাশ করেন।
গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ খোরশেদ আলম মজুমদার, আব্দুল কাইয়ূম পঙ্কী, 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন'র সহ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, প্রাক্তন সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিপ্লব, আব্দুল কাইয়ূম মাসুক, বাংলা টিভি প্রতিনিধি সেলিম আলম, চ্যানেল আই মাদ্রিদ প্রতিনিধি বকুল খান, বাংলা স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক একেএম জহিরুল ইসলাম, ব্যবসায়ী জাহিদুল আলম মাসুদ, শামসুল ইসলাম, নজরুল ইসলাম নাজু, আবু জাফর রাসেল, হুমায়ূন কবির রিগ্যান ও চ্যানেল আই স্পেন প্রতিনিধি সাহাদুল সুহেদ।
লেখক: প্রবাসী সাংবাদিক
