২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়ালালামপুরে সাকিব খানের সিনেমা উদ্বোধন ইনুর

মালয়েশিয়ার কুয়ালামপুরে বাংলাদেশের নায়ক সাকিব খান ও ভারতের নায়িকা শ্রাবন্তী অভিনীত 'শিকারী' চলচ্চিত্রের প্রিমিয়ার শো'র উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান,মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 07:11 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

রোববার বিকাল ৩টায় কুয়ালামপুরের ফেডারেল সিনেমা হলে ওই সিনেমার প্রিমিয়ার শো'র উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ইনু। 

প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন,"মনে হচ্ছে আমি বাংলাদেশের কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দেয়ার জন্য আমরা মালয়েশিয়ায় বাংলা ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছি।"

তিনি বলেন,"চলচ্চিত্র হচ্ছে দেশীয় সংস্কৃতি চর্চার ক্ষেত্র। আপনারা প্রবাসে থেকেও যেন দেশীয় সংস্কৃতির সাথে থাকতে পারেন, এজন্য বাংলা ছবি নিয়ে কুয়ালালামপুরে এসেছেন আপনাদের প্রিয় নায়ক সাকিব খান।"

প্রিমিয়ার শো'র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাই কমিশনার মো. শহীদুল ইসলাম,'শিকারী'র নায়ক সাকিব খান ও যৌথভাবে প্রযোজনাকারী সংস্থা 'জাজ মাল্টিমিডিয়া'র চেয়ারম্যান আবদুল আজিজ।

আবদু্ল আজিজ বলেন,"আগামী ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় নিয়মিত বাংলা ছবি দেখার ব্যবস্থা করছি আমরা।"

সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর 'শিকারী' ছবিটি ফেডারেল সিনেমা হলে দেখানো হয়।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’। ছবিটি উপভোগ করতে ও প্রিয় নায়ক সাকিব খানকে দেখতে প্রবাসী বাংলাদেশিরা ভিড় করেন সিনেমা হলে।

'শিকারী' সিনেমাটি দেখার পর 'ভালো লেগেছে' বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের কয়েকজন। অনেকে আবার নায়ক সাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও সিনেমাটিকে পুরোটাই 'ভারতীয় ছবি মনে হয়েছে বলে' মন্তব্য করেছেন।