২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী নারীদের আয়োজনে ফিনল্যান্ডে পিঠা উৎসব

প্রবাসী বাংলাদেশি নারীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'অনন্যা'র আয়োজনে ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে 'পিঠা উৎসব'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভূঁইয়া এন জামান, ফিনল্যান্ডের হেলসেংকি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 04:32 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

বাঙালির ঐতিহ্যকে ফিনল্যান্ডের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে শনিবার রাজধানী শহর হেলসেংকিতে এই উৎসব হয়।

আয়োজক সংগঠন 'অনন্যা' জানায়, বিদেশি খাবারের কারণে প্রবাসী নতুন প্রজন্ম বাংলাদেশের পিঠা চেনে না বা এর আসল স্বাদ পায় না। প্রবাসে বেড়ে উঠা দ্বিতীয় প্রজন্মের কাছে এই পিঠা অনেকটাই অধরা। সেজন্য ইউরোপের বিভিন্ন দেশজুড়ে আয়োজন চলছে পিঠা উৎসবের।

মেলায় পরিবেশিত বাংলাদেশি পিঠার মধ্যে ছিল নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই পিঠা, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গোকুল পিঠা, চুটকি পিঠা, মুঠি পিঠা, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, চাপড়ি পিঠা, পাতা পিঠা ও ঝুড়ি পিঠা।

উৎসবে পিঠা তৈরির সঙ্গে যুক্তরা জানান, বেশির ভাগ পিঠাই বানানো হয়েছে নতুন ধানের চালের গুড়া ও গুড় দিয়ে, এর সঙ্গে নারিকেল আর ভাজার জন্য তেল। কিছু পিঠায় সবজি ও মাংসের কুচি ব্যবহার করা হয়েছে।

এ ধরনের কয়েকটি পিঠা হলো- সবজি পুলি, সবজি ভাপা ও ঝাল বা মাংস পাটিসাপটা। তবে ময়দা বা চিনি দিয়েও পিঠা তৈরি করা হয়েছে। আর রস পিঠাগুলিতে রয়েছে খেজুরের রস ও দুধ।

পিঠা উৎসবের পাশাপাশি মঞ্চে শিশুদের পরিবেশনায় গান ও নাচের আয়োজন ছিল। 'বাংলা-ফিন' ব্যান্ডের সদস্য সাজ্জাদ, নোমান, নাজমুল ও মেজবা দর্শকদের গান গেয়ে শোনান।

উৎসবে প্রবাসী বাংলাদেশি ও আয়োজক সংগঠনের নির্ঝর, পলি, বীথি, আঁখি ও মুনিয়া উপস্থিত ছিলেন।

লেখক: প্রবাসী সাংবাদিক