প্রবাসী শ্রমিকের মন, বোঝে কোন জন!
আমি সিঙ্গাপুর থাকি। বাংলাদেশ থেকে এখানে কেউ এলে মায়া লাগে, আবেগ কাজ করে। দেশপ্রেম জেগে উঠে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।
বিদেশে যারা ঘুরতে আসেন, চিকিৎসার জন্য আসেন, তাদের সময় দিতে কর্মরত প্রবাসীদের ভালো লাগে। সবাই দেশি, পড়শী, এমনকি কলকাতার বাঙালিদেরও আপন মনে হয়। কাজ-কর্ম ছেড়ে এসে সময় দিতে হয় তাদের।
এই প্রবাসী মানুষটি-ই আবার দেশে গেলে এই ব্যক্তিরা তাদের কাজ-কর্ম ছেড়ে দেখা করতে আসেন না। ধনীরাই বিদেশে ঘুরতে আসেন, চিকিৎসা করাতে আসেন। বিদেশে এলে এই ধনীরা বিদেশে কর্মরত অভিবাসীদের, গরীবের বন্ধু হয়।
অথচ দেশে গেলে সিরিয়াল দিয়েও তাদের দেখা পাওয়া যায় না। দু'চার জনের সাথে প্রবাসীরা গিয়ে দেখা করে। কারো সঙ্গে ফোনে কথা হয়। ব্যস, সম্পর্কের যবনিকা।
প্রবাসীর মনটাও ট্রানজিট এর মতো। দেশে থেকে মোবাইল নাম্বার, ঠিকানা নিয়ে আসেন অনেকেই। অপরিচিতরাও হন ‘ট্রানজিট বন্ধু’। তাদের ব্যাগ নিয়ে ঘুরতে কুণ্ঠা বোধ করেন না, তাদের সন্তানদের নিজ সন্তানের মতো লালন করেন প্রবাসী।
যারা পরিবার নিয়ে থাকেন তারাও দেশিদের মূল্যায়ন করেন, থাকতে জায়গা দেন, সন্তান নিয়ে কষ্ট করে ঘুমান। নিদেনপক্ষে এক বেলা বাসায় দাওয়াত করেন, বাইরে এসে স্বপরিপারে সহযোগিতার হাত বাড়ান।
অনেক সময়ই প্রবাস থেকে কোন বন্ধু দেশে গেলে, আসার সময় তার ভিসার জন্য লোন দিতে বলেন, ফিরে এলে তার ঘরের ব্যয় মিটিয়ে, ফেরত দেওয়ার সময় হয় না, হাতে টাকা থাকে না। বেতন এক টাকা পেলেও আগে নিজে বাঁচি! পরে ট্রানজিট বন্ধু। অনেকের কাছে টাকা চাইতে গেলে, এ বিষয়ে কথা বললে বিরক্ত হন।
উল্টো ‘ছোটলোক’ বলে গালি দিতে দ্বিধা করেন না। অনেকেই দেশ থেকে ফোন করে বলেন যে যেনতেন একটা কোম্পানিতে চাকরির ব্যবস্থা করলেই চলবে। কিন্তু বিদেশে এসে টাকা ফেরত তো দূরের কথা উল্টো টিকিট ভাড়া আদায় করেন, দেশের বাড়িতে অত্যাচার শুরু করেন। এর মাঝে অবশ্য বেশির ভাগ প্রবাসীরা দেশি-বিদেশি দালাল চক্রের হাতে পড়ে সর্বস্ব হারান।
সেদিন আমার সহকর্মী শামীমের এক বন্ধু তাকে ফোন করলো। সিঙ্গাপুরেই পরিচয়। বললো যে তার টিকেটের জন্য টাকা প্রয়োজন। যাবার আগে বেতন পেলে দিয়ে দেবেন, শামীম দিলো। শামীম শান্ত সরলমনা। সাহায্যের হাত বাড়ালো। সেই বন্ধু, অর্ধেকের কম টাকা দিয়ে, না বলেই দেশে চলে গেলেন।
এখন ফোন ধরেন না। শামিম তার ফোন নম্বর ছাড়া আর কিছুই জানে না।
আরেকটা গল্প বলি। শহীদুল্লা আমার কোম্পানির এস্কাভেটর অপারেটর। নিরব, শান্ত, সুফী, ধার্মিক ও সৎ মানুষ। জোরে কথা বলেন না। কাজের জন্য রাগ করলেও হাসি তার ঠোঁটে। লম্বা দাড়ি থাকায় তাকে ‘লাদেন’ বলে ডাকেন ভারতীয় আর চাইনিজরা।
তারই এক বন্ধুর বন্ধু সাহায্য চাইলো। শহীদুল্লাহ নিজে দুই হাজার ডলার দিয়ে ভিসা পাঠালেন। সে লোকটা সিঙ্গাপুর আসলো, এখন কাজ করছে। অথচ মাসের পর মাস যায়, টাকার খবর নেই।
আবার একজনের ভিসার সমস্যা, লেনদেনের টাকা ফেরত চায়। বিবাদ মিটাতে, সমস্যা সমাধানে শহীদুল্লা বললেন, যার সমস্যা তিনি যদি টাকা না দেন, প্রয়োজনে তিনি দিবেন। মানে জিম্মা হলেন।
ব্যস, যার জন্য জিম্মি হলো সে চলে গেলো দেশে। আর পাওনাদার ধরলো তাকে, এমনি একটি ঘটনায় সে এখন ‘মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার’র নথিভুক্ত অপরাধী।
বাংলাদেশে যেই মেয়েটিকে বিয়ে করার কথা শহীদুল্লার পরিবারকে তারা বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়েটি ও তার পরিবার চার বছরেরও বেশি সময় অপেক্ষায় আছে। এখন যত দিন তার না ব্যাপারটার সমাধান হচ্ছে, শহীদুল্লাহ তো বাংলাদেশে যেতে পারছে না! টাকা হয়তো গেলো, কিন্তু উপকার করতে গিয়ে আসামি হলো প্রবাসী বাংলাদেশি শহীদুল্লাহ!
ট্রানজিট বন্ধুদের মাঝে ব্যতিক্রম পেয়েছি একজনকে। না, দুজনকে। যারা খোঁজ খবর রাখেন ফেসবুক টেলিফোনে কিংবা দেশে গেলেও খবর নেন। তাদের সাথে ঘনিষ্ঠতা বেশি। বাকি বন্ধুরা ভুলে গেছেন। একদিন ভুলে যান।
যাদের জন্য হাসপাতালের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন প্রবাসী, এক বেলা একসঙ্গে খাওয়ার জন্য থাকে ব্যাকুল। দিনে সময় না দিতে পারলেও রাত বিরাতে আলো ঝলমল শহরটাকে দেখাতে ভুল করেন না প্রবাসী বাবর আলীরা আর শহীদুল্লাহরা।
অনেকে ভাবেন বিদেশের মাটিতে নিজের দেশের মানুষের দেখা পাওয়া সৌভাগ্য বটে। কেউ ক্ষণিকের পরিচয়ে বিব্রত করেন। এদের মাঝে দু'চার জন আছেন কখনো নিজের সামান্য আর্থিক লোকসানও হতে দেন না। তারা সম্পর্ক অটুট রাখেন। বাকিদের কাছে প্রবাসী অপরিচিত। সম্পর্ক বা জীবনের লেনদেন সেখানে ‘ট্রানজিট’ ছাড়া আর কিছুই নয়।
লেখক: প্রবাসী বাংলাদেশি
